বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান সীমান্তে নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ভারতের (India) রাজস্থানের বিভিন্ন বিমানঘাঁটিগুলিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক তেজাস এমকে১এ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে চারটি স্কোয়াড্রন মোতায়েন করা হবে। এর লক্ষ্য পশ্চিম সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনার প্রস্তুতি আরও জোরদার করা।
রাজস্থানের এয়ারবেসে ভারত (India) প্রথম তেজস Mk1A স্কোয়াড্রন মোতায়েন হতে চলেছে:
বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী জানা গিয়েছে, ২০২৬ সাল থেকে বিকানেরের নল বিমানঘাঁটি তেজাস এমকে১এ-এর প্রধান ঘাঁটিতে পরিণত হবে। এখানে প্রথম ও তৃতীয় স্কোয়াড্রন মোতায়েন করা হবে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত মিগ-২১ বাইসন যুদ্ধবিমানগুলিকে ধাপে ধাপে সরিয়ে এই নতুন প্রজন্মের যুদ্ধবিমান আনা হবে। এর ফলে ভারতীয় বায়ুসেনার আক্রমণ ও প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আয়ুষ্মান থেকে চাকরি, প্রথম বৈঠকেই একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
অন্যদিকে, রাজস্থানের ফালোদি বিমানঘাঁটিতে দ্বিতীয় তেজাস এমকে১এ স্কোয়াড্রন মোতায়েনের প্রস্তুতি চলছে। সেখানে ইতিমধ্যেই বড়সড় পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। আধুনিক হ্যাঙ্গার, মিশন পরিকল্পনা কেন্দ্র এবং মজবুত বিমান আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে, যাতে যেকোনও জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমানগুলিকে দ্রুত ও নিরাপদে পরিচালনা করা যায়। ভবিষ্যতে নল এবং ফালোদি পশ্চিম রণাঙ্গনে ভারতের এই ধরনের যুদ্ধবিমান পরিচালনার প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তের এত কাছাকাছি তেজাস এমকে১এ মোতায়েন ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধ কৌশলেরই প্রতিফলন। শত্রুপক্ষের যেকোনও নড়াচড়ার দ্রুত জবাব দিতে এই পদক্ষেপ কার্যকর হবে। পাশাপাশি, প্রয়োজনে আরও বেশি সংখ্যক যুদ্ধ অভিযান পরিচালনা করাও সহজ হবে। তেজাস এমকে১এ-তে রয়েছে অত্যাধুনিক এইসা রাডার, উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, দূরপাল্লার অ্যাস্ট্রা বিভিআর ক্ষেপণাস্ত্র এবং মাঝ-আকাশে জ্বালানি ভরার সুবিধা। ফলে এটি পুরোনো মিগ-২১-এর তুলনায় অনেক বেশি আধুনিক ও কার্যকর।

আরও পড়ুন: ট্যারিফ যুদ্ধ ভুলে ৩ দিনের চিন সফরে যাচ্ছেন ট্রাম্প! জিনপিংয়ের সঙ্গে হবে দ্বিপাক্ষিক বৈঠক
এই পদক্ষেপ আত্মনির্ভর ভারত (India) প্রতিরক্ষা উদ্যোগকেও আরও শক্তিশালী করবে। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL-এর কাছে মোট ১৮০টি তেজাস এমকে১এ যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান সীমান্ত সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে প্রতিরক্ষা মহল। একই সঙ্গে যুদ্ধকালীন সময়ে বিদেশি যন্ত্রাংশ বা প্রযুক্তির উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে বলেও আশা করছে ওয়াকিবহাল মহল।













