বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গ যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল (Indian Railways)। এই সময়ে কলকাতা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাওয়ার ট্রেনগুলিতে টিকিটের চাহিদা বাড়ে। এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রী সামলাতে বিশেষ রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। নভেম্বরের চারটি সপ্তাহান্তে কলকাতা ও নিউ কোচবিহারের মধ্যে যাতায়াত করবে এই ট্রেন।
উত্তরবঙ্গগামী বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের (Indian Railways)
রেল কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী, কলকাতা থেকে নিউ কোচবিহারের উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়বে ৭ নভেম্বর। এরপর ১৪, ২১ ও ২৮ নভেম্বরও একই পরিষেবা পাওয়া যাবে। ০৩১২৫ নম্বরের ট্রেনটি প্রতিবার শনিবার রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে রওনা দেবে। রবিবার দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ নিউ কোচবিহারে পৌঁছবে সেটি।

ফেরার ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময়সূচি। ৮ নভেম্বর থেকে শুরু করে ১৫, ২২ ও ২৯ নভেম্বর নিউ কোচবিহার থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে বিশেষ ট্রেনটি। ০৩১২৬ নম্বরের এই পরিষেবা প্রতি রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। পরদিন সোমবার সকাল ৮টা ১০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছনোর কথা।
আরও পড়ুন : রাজবীরকে একের পর এক চড়-চিৎকার, ‘টক্সিক’ নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ টেলি তারকাদের
উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। যাত্রীরা নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, জলপাইগুড়ি রোড এবং ধূপগুড়ি থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে রানাঘাট ও কৃষ্ণনগর সিটিতে ট্রেনের যাত্রাবিরতি থাকায় নদিয়া জেলার বাসিন্দাদের আর কলকাতা এসে উত্তরবঙ্গের ট্রেন ধরার উপর পুরোপুরি নির্ভর করতে হবে না।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কামরার ক্ষেত্রেও বিভিন্ন শ্রেণির ব্যবস্থা রাখা হয়েছে। মোট ২২টি কামরা নিয়ে চলবে এই বিশেষ ট্রেন। তার মধ্যে এসি টু টায়ারের দুটি, এসি থ্রি টায়ারের পাঁচটি, থ্রি টায়ার ইকোনমির দুটি, স্লিপার শ্রেণির সাতটি এবং সাধারণ দ্বিতীয় শ্রেণির চারটি কামরা থাকবে। বাকি দুটি কামরা পাওয়ার কার হিসেবে ব্যবহৃত হবে।
উৎসবের সময় উত্তরবঙ্গের দিকে যাতায়াতের জন্য বিপুল টিকিটের চাহিদা থাকে। ফলে নিয়মিত ট্রেনগুলিতে আসন পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই চাপ কিছুটা কমাতেই পূর্ব রেলের এই উদ্যোগ। বিশেষ পরিষেবাটি চালু হওয়ায় কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলার যাত্রীরা উপকৃত হতে পারেন।












