বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই কেন্দ্রীয় বাজেট। ১ ফেব্রুয়ারির বাজেটের দিকে চোখ রয়েছে আপামর দেশবাসীর। এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য কী ঘোষণা করে কেন্দ্র সরকার, তার অপেক্ষায় রয়েছেন সকলে। কোন পণ্যগুলি দামি হবে, কোনগুলির দাম কমবে তা নিয়ে চলছে জল্পনা। পাশাপাশি ভারতীয় রেলে (Indian Railways) বয়োজ্যেষ্ঠ যাত্রীদের জন্য কী সুবিধা আনা হবে তা নিয়েও রয়েছে চর্চা।
রেলের (Indian Railways) টিকিটে ফিরতে পারে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়
জল্পনা, প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে ছাড় পুনর্বহাল করা হতে পারে বাজেটে। করোনার সময় এই ছাড় বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর গত ৬ বছর ধরে বন্ধই ছিল এই ছাড়। তবে এবার তা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, বাজেট পেশের আগে অর্থ মন্ত্রক এবং রেল মন্ত্রকের মধ্যে প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। অনুমোদন পাওয়া গেলে প্রবীণ নাগরিকদের জন্য যে তা বড় খুশির খবর হবে তা বলা বাহুল্য।

আগে বজায় ছিল ছাড়: করোনা আসার আগে ২০২০ সাল নাগাদ প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে প্রচুর ছাড় দিত ভারতীয় রেল (Indian Railways)। ষাটোর্ধ্ব পুরুষ যাত্রীদের জন্য ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হত রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেস এবং মেল ট্রেনে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সহ সমস্ত শ্রেণিতেই। কিন্তু করোনার সময় তুলে নেওয়া হয় ছাড়।
আরও পড়ুন : নির্বাচনের আগে মতুয়া ভোটব্যাঙ্কে জোর, নতুন চারটি প্রকল্পের ঘোষণা রেলের
কেন বন্ধ হল নিয়ম: ভাড়া বেড়েছে ট্রেনের: করোনার সময় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় আর্থিক ক্ষতি হয় রেলের। পরে মহামারি মিটতে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন অনেকেই। কিন্তু সরকারের তরফে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে এখন মুদ্রাস্ফীতি যেহারে বাড়ছে, সেই সঙ্গে প্রবীণ নাগরিকদের ভ্রমণ এবং চিকিৎসা ব্যয়ও বেড়ে চলেছে। তাই সরকার এ বিষয়ে বিবেচনা করে দেখতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : থেকেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী, রাজ্য পুলিশের নয়া ডিজি পীযূষ পাণ্ডের আসল পরিচয় জানেন?
রেলের টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় ফেরানো হলে উপকৃত হবেন ৫৮ বছরের বেশি বয়সী নারী, ৬০ বছরের বেশি বয়সী পুরুষ, পেনশনভোগী সীমিত আয়ের প্রবীণ নাগরিক এবং দীর্ঘ দূরত্বে ভ্রমণকারী প্রবীণ নাগরিকরা।













