বাংলাহান্ট ডেস্ক : চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা নতুন নয়। বন্দে ভারত এক্সপ্রেস নতুন নতুন চলা শুরু করতে একাধিক জায়গায় চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা সামনে এসেছিল। আর এবার তাই এই ধরণের ঘটনা রুখতে কার্যত কোমর বেঁধে নেমেছে ভারতীয় রেল (Indian Railways)। চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া আটকাতে একাধিক জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাথর নিক্ষেপকারীদের চিহ্নিত করতে প্রযুক্তির আশ্রয় নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি রেলের ‘অপারেশন জন জাগরুকতা’ কর্মসূচিতেও সচেতনতা বৃদ্ধি করার দিকে নজর দেওয়া হচ্ছে।
চলন্ত ট্রেনে (Indian Railways) প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে
রেল সূত্রে খবর, গত এক বছরে রেলের খড়গপুর ডিভিশনের বিভিন্ন শাখায় প্রায়ই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনা সামনে আসে। এতে ট্রেনের অনেক ক্ষতি হয়েছে। এদিকে পাথর নিক্ষেপকারীদের মধ্যে কিশোর এবং নাবালকরা থাকায় আদালতে তাদের অভিভাবকদের পেশ করতে হয়।

দায়ের হয়েছে বহু মামলা: এক্ষেত্রে আদালতে অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে নেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ভবিষ্যতে এই ধরণের ঘটনা আবার ঘটলে সন্তানদের কৃতকর্মের জন্য দায়ী থাকবেন অভিভাবকরা। আরপিএফ সূত্রে খবর, খড়গপুর ডিভিশনে এমন ঘটনায় ২৬ টি মামলা দায়ের হয়েছে গত বছর। গ্রেফতার হয়েছে মোট ৩২ জন। তাদের মধ্যে রয়েছে প্রচুর নাবালক।
আরও পড়ুন : যত্রতত্র ছড়িয়ে আবর্জনা, উদ্বোধন হতে না হতেই যা দশা হল বন্দে ভারত স্লিপারের… ভাইরাল ভিডিও
বিশেষ উদ্যোগ রেলের: এ বিষয়ে আরপিএফের খড়গপুর ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার বলেন, বাচ্চারা সাধারণত খেলার ছলে না বুঝে এমন ঘটনা ঘটায়। পরে ঘটনার তদন্ত করে তাদের চিহ্নিত করে ধরা হয়। সেই সঙ্গে অভিভাবকদের থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে চিহ্নিত করা পাথর নিক্ষেপকারীদের বাড়িতে পৌঁছে জন জাগরুকতা কর্মসূচির বিষয়ে সচেতন করেন রেলকর্মীরা (Indian Railways)। তবে এবার এমন ঘটনা রুখতে সোলার ক্যামেরা লাগানো শুরু করেছে রেলের খড়গপুর ডিভিশন। গত দুমাসে খড়গপুরের বিভিন্ন শাখায় ১০ টি সোলার ক্যামেরা লাগানো হয়েছে। খড়গপুর হাওড়া রেলশাখার টিকিয়াপাড়া, উলুবেড়িয়া বাগনান স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে খড়গপুর টাটানগর শাখার ঘাটশিলা গালুডি স্টেশনের মাঝে, খড়গপুর ইয়ার্ডে, ওড়িশার বালেশ্বর স্টেশনের আগে বসানো হয়েছে সোলার ক্যামেরা।
আরও পড়ুন : দেবের জন্য আলাদা ব্যবস্থা, তাঁর জন্য নয় কেন? SIR শুনানিতে গিয়ে ‘হাঙ্গামা’র অভিযোগ সৌমিতৃষার বিরুদ্ধে
রেল সূত্রে খবর, এতে অনেকটাই সাফল্য পাওয়া গিয়েছে। সেইসঙ্গে এই ক্যামেরার মাধ্যমে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের দুটি ঘটনাও চিহ্নিত করা গিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের বাইরে সিসিটিভি ক্যামেরা থাকায় পাথর নিক্ষেপকারীদের চিহ্নিত করতে সুবিধা হয়। কিন্তু অন্যান্য ট্রেনে এই সুবিধা এতদিন ছিল না। তবে সোলার ক্যামেরা লাগানোয় পাথর নিক্ষেপকারীদের সহজে চিহ্নিতও করা যাচ্ছে, সেই সঙ্গে এই ধরণের ঘটনায় রাশও টানা গিয়েছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ধরা পড়লে রেলের আইনে ১৫৩ ধারায় ৫ বছরের জেল হতে পারে।












