বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে শহরের রাস্তা মেরামত ও সাফাই ব্যবস্থায় বাড়তি জোর দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেটে এই দুই খাতে বরাদ্দ বাড়িয়ে নাগরিকদের স্বস্তি দেওয়ার বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরভোটের আগে মেয়র হিসাবে এটাই তাঁর শেষ বাজেট। ফলে রাজনৈতিক মহলেও এই বাজেট ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
বাজেট পেশ করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)
শুক্রবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়। বিধানসভা নির্বাচনের পর বছরের শেষদিকে পুর নির্বাচন হতে পারে। তার আগে মেয়র হিসাবে নিজের শেষ বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম। গত পুজোর আগে শহরের বেহাল রাস্তা নিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুরসভাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তার অবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই এবার বাজেটে রাস্তা সংস্কারে বাড়তি জোর দেওয়া হয়েছে।
সাফাই ও সড়ক খাতে সর্বাধিক বরাদ্দ
চলতি বাজেটে সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে। এই খাতে ৬৯০ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল ৬৮৬ কোটি ৫৭ লক্ষ টাকা। সড়ক খাতে বরাদ্দ করা হয়েছে ৩৩৪ কোটি ৩০ লক্ষ টাকা। আগের অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল ৩২৫ কোটি ২ লক্ষ টাকা। অর্থাৎ গতবারের তুলনায় ৯ কোটি ২৮ লক্ষ টাকা বেশি বরাদ্দ হয়েছে। জল সরবরাহ খাতে বরাদ্দ ২ কোটি টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫৬ কোটি ৮৯ লক্ষ টাকা। পাশাপাশি নিকাশি, বস্তি উন্নয়ন, সমাজকল্যাণ ও দারিদ্র দূরীকরণ খাতেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
ঘাটতি কমানোর চেষ্টা
২০২৫-২০২৬ অর্থবর্ষে পুরসভা (Kolkata Municipal Corporation) ১১৪ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিল। এবার সেই ঘাটতি কমিয়ে ১১১ কোটি টাকা করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবর্ষে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭৯২ কোটি ৪৩ লক্ষ টাকা এবং মোট ব্যয় ৫৯০২ কোটি ৪৩ লক্ষ টাকা।
সম্পত্তি করেই ভরসা
পুরসভার (Kolkata Municipal Corporation) অভ্যন্তরীণ আয়ের অন্যতম প্রধান উৎস সম্পত্তি কর। ২০২৪-২০২৫ অর্থবর্ষে করদাতার সংখ্যা ছিল ৯,৮০,০৩৩। চলতি অর্থবর্ষে আরও ২০ হাজার সম্পত্তিকে করের আওতায় আনা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতার সংখ্যা বেড়ে হয়েছে ৯,৯৯,৬৩১। ২০২৫-২০২৬ অর্থবর্ষে এখনও পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১,৬৭১ কোটি টাকা। ২০২৬-২০২৭ অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৬৬১.৪৩ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ে প্রায় ৯৯০.৪৩ কোটি টাকা বৃদ্ধি প্রত্যাশা করছে পুরসভা।

আরও পড়ুনঃ বাংলায় বাড়তি নজরদারি! SIR-এর পর এবার ভোট প্রস্তুতিতেও স্পেশাল অবজার্ভার
কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) জন্য রাজ্য সরকারের অনুদানও বেড়েছে। বিগত অর্থবর্ষে এই অনুদানের পরিমাণ ছিল ২,৬৭৭ কোটি টাকা। তা বেড়ে হয়েছে ৩,১৩০ কোটি টাকা। বাজেট পেশের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমাদের ওয়েলফেয়ার স্টেট। তাই বকেয়া থাকে। যত টাকা আসে তার থেকে বেশি খরচ হয় সাধারণ মানুষের উন্নয়নে। তবে পুরসভার যে আয় হয়েছে, তার সঙ্গে আরও ৩৪৯ কোটি টাকা অতিরিক্ত আয় রেভিনিউ সাসপেন্স হিসাবে রাখা হয়েছে। এই টাকা কোনও খাতে ঢোকানো হয়নি।”












