বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার বুকে একাধিক জনপ্রিয় দুর্গাপুজো হয়। এর মধ্যে অন্যতম সুরুচি সঙ্ঘের (Suruchi Sangha) পুজো। এই পুজো আবার অনেকের কাছে ‘অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের পুজো’ নামেও পরিচিত। এবার এই পুজো কি আদৌ হবে? কারণ দ্রুত জমি খালি করতে বলে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘকে নোটিশ পাঠিয়েছে এলআইসি (LIC)।
ডেডলাইন বেঁধে জমি খালি করতে বলেছে এলআইসি | (Suruchi Sangha)
ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসি-র অভিযোগ তাঁদের প্রায় ২২ কাঠা জমি দখল করে সুরুচি সঙ্ঘ দুর্গাপুজো করত। এই নিয়ে আগেই আলিপুর থানার দ্বারস্থ হয়েছিল তাঁরা। তাঁদের অভিযোগ ছিল, ক্লাব কর্তৃপক্ষের কাছে একাধিকবার জমি ফেরত চেয়েও কোনও লাভ হয়নি। এবার এলআইসির আইনজীবীর তরফে নোটিশ পাঠানো হল।
আরও পড়ুনঃ বিনা টিকিটে ট্রেনে উঠলে এবার দ্বিগুণ জরিমানা! কত টাকা গুনতে হবে জানুন
জানা গিয়েছে, সুরুচি সঙ্ঘের তিন দিকে এই নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেই নোটিশে ৪টি প্লট তথা প্রায় ২২ কাঠা জমি খালি করতে বলা হয়েছে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করা হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস। স্বরূপ আবার ক্লাবের সচিবও ছিলেন। তবে বর্তমানে জেলবন্দি তিনি। অন্যদিকে মেসি কাণ্ডে চাপে রয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ। এই আবহে সুরুচি সঙ্ঘকে নোটিশ পাঠাল এলআইসি।

এদিকে স্বরূপের গ্রেফতারির পর একাধিকবার শিরোনামে উঠে এসেছে সুরুচি সঙ্ঘ। নিউ আলিপুরের এই ক্লাবে দুর্নীতি চলত বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গেই স্বরূপ গ্রেফতার হওয়ার পর ক্লাবে ভাঙচুরের ঘটনাও ঘটে। এবার দ্রুত জমি খালি করতে বলে নোটিশ পাঠাল এলআইসি। ফলে এবার আদৌ সুরুচি সঙ্ঘের পুজো হবে কিনা বা হলেও আগের মতো জাঁকজমক করে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

















