বাংলাহান্ট ডেস্ক : কম সময়ে সস্তায় ঘোরার জন্য দিঘা (Digha) বাঙালির প্রিয় গন্তব্য। পর্যটন মরশুমে দিঘা যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। এবার পর্যটনে আরও জোয়ার আনতে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের এক দাবি পূরণ করতে চলেছে রেল। নতুন হল্ট স্টেশন তৈরি হচ্ছে দিঘা লাইনে। দিঘা-তমলুক শাখায় বালিসাই হল্ট স্টেশন তৈরির জন্য রেলের প্রাথমিক সমীক্ষা সম্পূর্ণ হয়েছে।
দিঘায় (Digha) তৈরি হচ্ছে নতুন হল্ট স্টেশন
জানা যাচ্ছে, রামনগর এবং বাদলপুর স্টেশনের মধ্যবর্তী বালিসাই এলাকায় তৈরি হচ্ছে এই নতুন হল্ট স্টেশন। কাঁথি-দিঘা পাকা সড়কের পাণিপারুল মোড় থেকে উত্তর দিকে কলেজ মোড়ের দিকে যে রাস্তাটি যাচ্ছে, তার পাশেই স্টেশনের সম্ভাব্য স্থান ঠিক করা হয়েছে বলে খবর।

দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীদের: রেল দফতরের আধিকারিকদের উপস্থিতিতে সম্প্রতি প্রাথমিক সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়েছে। এই হল্ট স্টেশনের জন্য এলাকাবাসীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে পাঁশকুড়া-হলদিয়া-দিঘা (Digha) সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ সভাপতি জানান, রেল দফতরের কাছে তাঁরা একাধিক বার আবেদন করেছেন। এমনকি কাঁথির সাংসদের মাধ্যমেও দাবিপত্র পাঠানো হয়। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি। স্বাভাবিক ভাবেই খুশি এলাকাবাসীরা।
আরও পড়ুন : সাক্ষী থাকবে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিংয়ের হেরিটেজ টয়ট্রেনেই এবার বিয়ে করার সুযোগ! বেনজির উদ্যোগ রেলে
কোথায় হবে স্টেশন: প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, রেলগেটের পশ্চিম দিকে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। মূল রাস্তার ধারে টিকিট কাউন্টার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। সমীক্ষা রিপোর্ট জমা পড়ার পরেই রেল কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে খবর।
আরও পড়ুন : এক আসনে দুবার টিকিট বুকিং, তুঙ্গে চাহিদা, বন্দে ভারত স্লিপার নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
দিঘা এবং মন্দারমণিগামী পর্যটকদের জন্য এই স্টেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যেসব পর্যটকরা মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর যাবেন তাদের সুবিধা হবে এই স্টেশনের জন্য। স্থানীয়রা জানান, দিঘা লাইনে এমন অনেক স্টেশন রয়েছে যেখানে জনসমাগম কম। তবে হল্ট স্টেশন চালু হলে প্রথম থেকেই যাত্রী সমাগম হবে বলে মনে করা হচ্ছে।












