বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারির শুরুতেই কেন্দ্রীয় বাজেট। আর সেই বাজেট ঘিরেই প্রত্যাশার পারদ চড়ছে দেশবাসীর মধ্যে। শোনা যাচ্ছে, দম্পতিদের জন্য লাভবান হতে পারে আসন্ন বাজেট। জয়েন্ট ট্যাক্সেশন নিয়ে (Income Tax) বড়সড় করছাড়ের ঘোষণা করতে পারে কেন্দ্র, এমনটাই আভাস মিলেছে বিশেষজ্ঞদের তরফে।
আসন্ন বাজেটে নতুন করব্যবস্থার (Income Tax) প্রস্তাব
সূত্রের খবর অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে একটি ঐচ্ছিক যৌথ করব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রক। এই নতুন করব্যবস্থার আওতায় স্বামী স্ত্রী যৌথ ভাবে আয়কর জমা দেওয়ার সুযোগ পেতে পারেন। বর্তমানে যে করব্যবস্থা রয়েছে তাতে দম্পতিদের আলাদা আলাদা ভাবে কর দিতে হয়। কিন্তু প্রস্তাবিত করব্যবস্থায় উভয়ের আয় একত্রিত করে দম্পতিরা একটিই আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।

কেমন হবে যৌথ করব্যবস্থা: যদিও এই যৌথ কর দাখিল করা বাধ্যতামূলক নয়। পুরোটাই হবে ঐচ্ছিক। তবে যৌথ আয়কর ফাইলিং করতে হলে স্বামী স্ত্রী দুজনেরই স্থায়ী অ্যাকাউন্ট নম্বর থাকা বাধ্যতামূলক। নতুন কর কাঠামো চালু হলে একটি পরিবারকে করের ক্ষেত্রে একটি একক অর্থনৈতিক ইউনিট হিসেবেই ধরা হবে। সেক্ষেত্রে দম্পতিদের মিলিত আয়ের উপরে কর (Income Tax) প্রস্তাব করা হবে আর একটিই মাত্র রিটার্ন জমা করতে হবে।
আরও পড়ুন : ভোটের আগেই নিয়োগ সারার লক্ষ্যমাত্রা, একাদশ-দ্বাদশের সুপারিশপত্র কবে থেকে?
বর্তমানে নেই পৃথক করকাঠামো: বিশেষজ্ঞরা বলছেন, যৌথ কর কাঠামোর ফলে একক উপার্জনক্ষম পরিবারগুলিই সবথেকে বেশি উপকৃত হবে। ভারতে বর্তমান করব্যবস্থায় বিবাহিত এবং অবিবাহিতদের জন্য আলাদা করে কোনও করকাঠামো নেই। দম্পতিদের আলাদা ভাবে কর দিতে হয়। কোনও পরিবারের স্বামী বা স্ত্রী উপার্জনক্ষম না হলে মৌলিক কর ছাড়ের সীমা থাকে নাগালের বাইরে।
আরও পড়ুন : স্ত্রীর সমান আইনি সুরক্ষা দরকার লিভ ইন সঙ্গীদের, গান্ধর্ব বিবাহের প্রসঙ্গ টেনে বেনজির পর্যবেক্ষণ হাইকোর্টের
সম্ভাব্য প্রস্তাবিত করকাঠামোতে স্বামী এবং স্ত্রীর সম্মিলিত আয়ের উপরে একসঙ্গে কর প্রস্তাবিত হবে। তবে তেমনটা হলে সম্ভবত করকাঠামো পৃথক তৈরি করা হবে। পাশাপাশি আসন্ন বাজেটে সারচার্জের উপরেও ছাড় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে মোদী সরকারের। বর্তমানে ৫০ লক্ষের বেশি আয়ের উপরে সারচার্জ প্রযোজ্য। তবে যৌথ করব্যবস্থায় এই সীমা ৭৫ লক্ষ টাকা বা তার বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।













