বাংলা হান্ট ডেস্ক:নিপা ভাইরাস(Nipah Virus) আক্রান্ত সেই লড়াকু নার্সের মৃত্যু হল বৃহস্পতিবার। বারাসাতের(Barasat) বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভেন্টিলেশন থেকে তিনি জানুয়ারির শেষে বেরোলেও, নানা সমস্যায় ভুগছিলেন, তার উপর ফুসফুসেরও সংক্রমণ হয়েছিল।
নিপা ভাইরাসে(Nipah Virus) মৃত্যু সেই লড়াকু নার্সের
বছরের শুরুতেই এবার নিপা ভাইরাসে সংক্রমণের খবর ছড়িয়ে পড়তে থাকে। উত্তর ২৪ পরগনা জেলার একজন ব্রাদার নার্স এবং একজন সিস্টার নার্স, এই ভাইরাসে আক্রান্ত হয়। সেই সময় থেকেই বেশি করে এই ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ায় চারদিকে। জানুয়ারির শেষে হাসপাতাল থেকে বের হন ওই ব্রাদার নার্স।
অন্যদিকে ভেন্টিলেশন থেকে বেরোলেও কোমায় ছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ওই সিস্টার নার্স। শোনা যায় উনি অনেকটাই সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন। হাত পা নাড়া থেকে কথা বলার চেষ্টা, সবটাই শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতি হয়।
আরও পড়ুন:খিচুড়ি কেন মনের মতো সুস্বাদু হয় না? রান্নার সময় চাল-ডালের অনুপাতে এই ভুল করছেন না তো?
বৃহস্পতিবার বারাসাতের ওই হাসপাতালে মৃত্যু হয় ওই সিস্টার নার্সের। তিনিও জানুয়ারির শেষে ভেন্টিলেশন থেকে বেরিয়ে ছিলেন। তবে জানা যাচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম ভালো করে কাজ করছিল না তাঁর। তাছাড়া তিনি দীর্ঘ সময় কোমায় ছিলেন। ফলে তার ইমিউনিটিও তলানিতে গিয়ে ঠেকেছিল।

আরও পড়ুন:‘বন্ধু’র ভূমিকায় খাকি উর্দি, মাধ্যমিকের দিনে নজর কাড়ল বর্ধমান জেলা পুলিশ
গত ৪ জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন ওই নার্স। প্রথমে জ্বর ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে কাটোয়া, পরে বর্ধমান মেডিকেল কলেজ এবং সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ১৪ জানুয়ারি থেকে তিনি বারাসাতে বেসরকারি হাসপাতালে, যেখানে তিনি কর্মরত ছিলেন, সেখানে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন থেকে বের করা হলেও তিনি যে সংকটমুক্ত নন, সেটা চিকিৎসকরা জানিয়েছিলেন। সংক্রমণের ফলে তার শরীরে যে ক্ষতি হয়েছে তা তিনি কাটিয়ে উঠতে পারেননি।












