বাংলাহান্ট ডেস্ক : আর দুদিন বাদেই ষষ্ঠী। এদিকে পুজোর মুখেও মন খারাপ ভোজন রসিকদের। এবার বাংলাদেশ থেকে আসেনি ইলিশ (Hilsa)। কিছুদিন আগেই ওপার বাংলায় শুরু হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়কাল। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়েছে দুর্গাপুজো। ফলে এবার আর শারদীয়ায় বাঙালির পাতে ইলিশ পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন মাছ আমদানিকারকরা।
বাংলাদেশে ইলিশ (Hilsa) ধরায় নিষেধাজ্ঞা
ইলিশের প্রজনন মরশুমে মাছ ধরা আটকাতে প্রতি বছর ২২ দিনের জন্য মাছ ধরা, বিক্রি ও পরিবহণের উপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এবছর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৮ অক্টোবর থেকে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়কালের মধ্যেই পড়েছে দুর্গাপুজো।

আসবে না পদ্মার ইলিশ: পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, এবছর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশের কোনও চালান কলকাতায় আসবে না। পুজো এবার অক্টোবরের তৃতীয় সপ্তাহে, তাই নিষেধাজ্ঞা চলাকালীন বাংলাদেশ থেকে ইলিশ আসার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন : বদলে গেল লোকভবনের প্রবেশদ্বারের নাম, রবীন্দ্রনাথ-ক্ষুদিরামের নামে ৬টি গেটে বসল নেমপ্লেট
ইলিশ কমছে বাংলাদেশে: পুজোর মরশুমে শারদীয়ার উপহার হিসেবেই বাংলাদেশ থেকে আসে পদ্মার ইলিশ (Hilsa)। গত কয়েক বছরে পরিমাণটা অবশ্য অনেক কমেছে। এবার বাংলাদেশেও দেখা দিয়েছে ইলিশের আকাল। ব্যতিক্রমী ভাবে ভারত থেকে বাংলাদেশে রফতানি হয়েছে ইলিশ। বাংলাদেশে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে।
আরও পড়ুন : পুজোয় বাড়িতেই ভূরিভোজ, সপ্তমীর দুপুরে থাকুক পাঁচফোড়ন চিকেন, রইল রেসিপি
এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার অনেক পরিবারে দুর্গাপুজোর সময়ে পদ্মার ইলিশ কেনার রীতি রয়েছে। এক থেকে দেড় কেজি ওজনের পদ্মার ইলিশের দাম কলকাতার বাজারে প্রায় ২০০০ টাকা। তবে পদ্মার ইলিশ না পেলেও দিঘা ও ডায়মন্ড হারবারের ইলিশ বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।














