বাংলা হান্ট ডেস্ক: আজকালের ব্যস্তময় জীবনে ভালো-মন্দ কিছু রান্না করে খাওয়া খুব কঠিন। তাছাড়া খাবার দাবার নিয়ে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তারাও আজকাল কাজের চাপে করতে পারেন না অনেক সময়। তবে আজ আপনাদের সঙ্গে এমন এক ধরনের রেসিপি শেয়ার করব যা মা ঠাকুমাদের আমলের। দেখে নিন কীভাবে বানাবেন কচুশাক–পুঁটি মাছ। প্রণালী রইল (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করুন কচুশাক–পুঁটি মাছ (Recipe)
বাড়িতে হঠাৎ করে যদি কচু শাক কিনে আনা হয়, তাহলে একঘেয়ে রান্না না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। এটি বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখে নিন কীভাবে বানাবেন কচুশাক–পুঁটি মাছ (Recipe)।

আরও পড়ুন: যতবার ডিম সেদ্ধ করেন ততবারই ফাটে? রান্নাঘরের এই ট্রিক জানলে ভুল হবে না
উপকরণ:
কচুশাক: আধা কেজি (ডাঁটা সহ)
পুঁটি মাছ: পরিমাণমতো
তেল: সর্ষের তেল (২ টেবিল চামচ বা প্রয়োজনমতো)
পাঁচফোড়ন: আধা চা-চামচ
রসুন: আধা কাপ (থেঁতো করা)
পেঁয়াজ কুচি: ১টি (মাঝারি)
আদা বাটা: ১ চা-চামচ
জিরে বাটা: ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ১০-১২টি (চেরা)
শুকনো লঙ্কা: ২টি (ভাজা)
নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো: স্বাদমতো
সাজানোর জন্য: ধনেপাতা কুচি
প্রণালী: প্রথমে পরিষ্কার করা পুঁটি মাছ নুন ও হলুদ মাখিয়ে অল্প তেলে সোনালী করে ভেজে তুলে রাখুন। এরপর কচুশাক ও ডাঁটা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। তারপর কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন ও ২টি শুকনো লঙ্কা দিন। ফোড়ন ফুটলে থেঁতো করা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা, জিরে বাটা, সামান্য হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর কষানো মশলায় কেটে রাখা কচুশাক ও ডাঁটা এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিন। এরপর শাক সেদ্ধ হয়ে এলে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিন এবং আলতো করে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন।তারপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













