বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর সরকারি অনুদান ঘিরে এবার দেখা গেল অন্য ছবি। ১ লক্ষ টাকার সরকারি সাহায্য দেওয়ার ঘোষণা করলেও বড় বাজেটের পুজো কমিটিগুলিকে সেই অর্থ না নেওয়ার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই আহ্বানের পরই কলকাতার একাধিক নামী পুজো কমিটি জানিয়ে দিল, নিজেদের পুজোর জন্য সরকারি অর্থ নেবে না। শুধু কলকাতাতেই নয়, জেলার বেশ কিছু বড় পুজোও একই সিদ্ধান্তের পথে হাঁটছে।
মুখ্যমন্ত্রীকে(Suvendu Adhikari) রিটার্ন গিফট পুজো কমিটিগুলির
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কয়েকটি পুজো কমিটি অনুদান না নিয়ে, সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর তহবিলে নিজেদের তরফে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছে। ফলে সরকারি অনুদান নিয়ে এবছর পুজোয় নয়া নজির তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর আহ্বানের পর সরকারি অনুদান না নেওয়ার কথা জানিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি চেতলা অগ্রণী, ত্রিধারা, সন্তোষপুর লেকপল্লি, টালা প্রত্যয়, চোরবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, হাতিবাগান সর্বজনীন, শ্যাম স্কোয়ার সম্মিলনী, বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং ফুলবাগান সর্বজনীনের মতো পুজো কমিটিগুলি ।
মুখ্যমন্ত্রীর আবেদনের পর লেবুতলার সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির অন্যতম কর্তা তথা বিধায়ক সজল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “আগের সরকারের সময়েও কখনওই অনুদান নিতাম না। টাকা না নেওয়ায় কপালে জুটত পুলিশি হেনস্তা। এবারও নেব না। আমরা বিশ্বাস করি, এই অর্থ গরিবের শিক্ষা-স্বাস্থ্য-সহ নাগরিক পরিষেবায় ব্যয় হোক।”
রাজডাঙা নব উদয় সংঘের সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ। সরকারি অর্থ গ্রহণ না করার পাশাপাশি নিজেদের তরফে মুখ্যমন্ত্রীর তহবিলে আরও ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে তারা। চেয়ারপার্সন কেয়া ঘোষ জানিয়েছেন,”অনুদান শুধু নেব না তাই নয়, উৎসবের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পুজো কমিটি মুখ্যমন্ত্রীর তহবিলে আরও এক লাখ টাকা জমা দেবে।”

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে আরও বাড়ল! কে তিনি জানেন?
নিউ আলিপুরের সুরুচি সংঘ কমিটির সম্পাদক সৌরভ শিকদার জানিয়েছেন, “গরিমা ও ঐতিহ্য রেখে এবারও চমকে দেওয়ার মতো পুজো হচ্ছে। আর পুজোয় সরকারি অনুদান আমরা শুধু নিচ্ছি না তাই নয়, উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর হাতে ‘রিটার্ন গিফট’ তুলে দেওয়া হবে।”পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এ বছর প্রথম বার বড় আকারে দুর্গাপুজোর আয়োজন করছে কলকাতা সনাতনী সংঘ। সেখানকার সভাপতি শঙ্কুদেব পাণ্ডার বক্তব্য, “অনুদানের ১ লক্ষ টাকা চেয়ে আবেদন করছি না। উপরন্তু পুজোর কদিন সামাজিক দায়বদ্ধতার নানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সম্পন্ন হবে।”













