বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মরশুমগুলিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premiere League) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি, মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্বের দায়িত্ব ছিল তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওপর। কিন্তু গত দুই মরশুমে পাঁচবারের চ্যাম্পিয়নরা শোচনীয় পারফরম্যান্স করেছে। শেষ মরশুমে তারা লিগ টেবিলের নবম স্থানে অভিযান শেষ করেছে। ফলে এখন শোনা যাচ্ছে আইপিএল ২০২৭-এ (IPL 2027) হার্দিককে সরিয়ে ফের একবার অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার রোহিত শর্মার (Rohit Sharma) হাতে উঠতে চলেছে নেতৃত্বের দায়িত্ব।
রোহিত শর্মা দলে থাকা সত্ত্বেও হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্ব যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। তারকা অলরাউন্ডার হিটম্যানকে যথাযথ সম্মান দিচ্ছেন না, এমন অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। কিন্তু সেইসব অভিযোগে কর্ণপাত না করে হার্দিকের ওপর পূর্ণ ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু সেই ভরসার মান রাখতে পারেননি তিনি।

২০২৪ সালে রোহিত শর্মা স্বেচ্ছায় ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেকেই মনে করেছিলেন রোহিত শর্মাকে একান্তই সরাতে হলে স্কাই-কেই মুম্বাইয়ের নেতৃত্ব দেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্যের খতিয়ানকে বেশি গুরুত্ব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI
২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সে যোগ দিয়ে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন হার্দিক। প্রথম মরশুমেই দলটিকে আইপিএলের খেতাব জেতান তারকা অলরাউন্ডার। তার পরের মরশুমে খেতাব না এলেও ফাইনাল অবধি পৌঁছেছিল জিটি। সেই সাফল্য দেখেই হার্দিককে ফের একবার দলে ফিরিয়েছিলেন নীতা আম্বানিরা। কিন্তু এখন তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আসন্ন মরশুমে হয়তো দল ছেড়েই বেরিয়ে যেতে চলেছেন হার্দিক।
আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড
এখন প্রশ্ন হচ্ছে যে রোহিত শর্মা নিজে কি আবার মুম্বাইয়ের অধিনায়ক হতে রাজি হবেন। ক্রিকেট ভক্তদের একাংশ মনে করেন সাম্প্রতিক অতীতে যেভাবে তাকে পরোক্ষভাবে অপমানিত হতে হয়েছে অধিনায়কত্বের বিষয়ে, তাতে আবার প্রস্তাব আসলেও সেই প্রস্তাবে রাজি হওয়া উচিত নয় হিটম্যানের। তার নেতৃত্বেই অতীতে পাঁচবার খেতাব জিতেছে দলটি। এখন রোহিত কি সিদ্ধান্ত নেন তা জানার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষায় ভক্তরা।














