বাংলা হান্ট ডেস্কঃ গ্রামীণ হাওড়া থেকে কলকাতা যেতে হলে অনেকসময় জ্যামের সমস্যায় পড়েন বহু মানুষ। তবে এবার সেই জ্বালা দূর হতে চলেছে। এক বিকল্প রুট (Howrah-Kolkata New Route) ব্যবহার করে গ্রামীণ হাওড়া থেকে হাওড়া (Howrah) শহর ও কলকাতা যেতে পারবেন তাঁরা। এতে অনেকের বহু সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
গ্রামীণ হাওড়া টু কলকাতার নতুন রুট | (Howrah-Kolkata New Route)
জাতীয় সড়কে যানজট তৈরি হলে বহু মানুষ বিকল্প হিসেবে আন্দুল রোড তথা আলামপুর-হাওড়া রোড বেছে নেন। তবে জেলার গ্রামের সঙ্গে শহরের সংযোগকারী আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক হল একব্বরপুর-হাওড়া রাজ্য সড়ক। জানা যাচ্ছে, বহু বছর পর ফের এই রাস্তা হাওড়ার সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
আরও পড়ুনঃ যুবশক্তির ৩ হাজার টাকা কবে থেকে মিলবে? বেকারভাতা নিয়ে নয়া আপডেট
বর্তমানে একব্বরপুর-হাওড়া রোড সম্প্রসারণের কাজ জোরকদমে চলছে। একসময় বেআইনি নির্মাণের জন্য রাস্তার বহর কমে গতি হ্রাস পেয়েছিল। তবে এখন সড়কের দু’ধারের অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা চওড়া করা হচ্ছে। এর পাশাপাশি সাঁকরাইল রেল ব্রিজ তৈরি হচ্ছে। ফলে যাতায়াত আরও সুবিধাজনক হতে চলেছে।

জানা যাচ্ছে, এই পথে ধূলাগড় থেকে অতি সহজেই ব্রিজ ব্যবহার করে সাঁকসাইলের রেললাইন পার করে বকুলতলা হয়ে হাওড়া ময়দান পৌঁছতে পারবে মানুষ। একইসঙ্গে কলকাতাও যাওয়া যাবে। ফলে গ্রামীণ হাওড়ার একটি বড় অংশের মানুষের কাছে এই রুট হাওড়া শহর ও কলকাতা যাওয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
হাওড়ার পার্শ্ববর্তী শহর হল কলকাতা। রোজ বহু মানুষ এখান থেকে কলকাতা যাওয়া আসা করেন। তবে গ্রামীণ হাওড়া থেকে যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় তাঁদের যানজটের সমস্যায় পড়তে হত। এবার নয়া বিকল্প রুট চালু হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশাবাদী স্থানীয়রা।













