বাংলাহান্ট ডেস্ক : মিড ডে মিলে (Mid Day Meal) আবারও স্বাদবদল। পুজোর ছুটির ঠিক আগে আগে স্কুল পড়ুয়াদের পাতে পড়ল টাটকা শিঙ্গি মাছ। তাও আবার স্কুলেরই চৌবাচ্চাতে চাষ করা। পুজোর মুখে এমনই মন ভালো করা ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ৪ নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমনি প্রাথমিক বিদ্যালয়ে।
পড়ুয়াদের মিড ডে মিলে (Mid Day Meal) স্কুলে চাষ করা টাটকা শিঙ্গি মাছ
জৈব পদ্ধতিতে মাশরুম চাষ করে জেলায় বেশ নাম করেছে স্কুলটি। এবার স্কুলের চৌবাচ্চায় চাষ করা হল শিঙ্গি মাছ। জানা গিয়েছে, প্রায় চার মাস আগে স্কুলের চৌবাচ্চায় ১৫০০ টি শিঙ্গি মাছের পোনা ছাড়া হয়েছিল। এতদিন চাষ করার পর পড়ুয়াদের পাতে জায়গা পেল মাছগুলি।

কেন এই উদ্যোগ: পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ। পাশাপাশি চৌবাচ্চায় কীভাবে জৈব পদ্ধতিতে মাছ চাষ করা যায় তা নিয়েও পড়ুয়াদের আগ্রহ বাড়ছে। আগামীতেও স্কুলে চাষ করা শিঙ্গি মাছ মাসে অন্তত একবার পড়ুয়াদের পাতে (Mid Day Meal) তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন :একধাক্কায় হাফ সেঞ্চুরি! পুজোর আগেই DA বাড়ছে রাজ্য সরকারের এই কর্মীদের
খুশি স্কুল পড়ুয়ারাও: আর কদিন পরেই শুরু হবে পুজোর ছুটি। তার আগে এমন মেনু পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা। মিড ডে মিলে মাঝেমধ্যে এমন মেনু বদল খুদে পড়ুয়াদের মনে অনাবিল আনন্দ এনে দেয়।
আরও পড়ুন : আরও বাড়ল পাহাড়ের আকর্ষণ, পুজোর মুখে পর্যটকদের জন্য বড় উপহার রেলের
প্রধান শিক্ষক বলেন, এতে প্রয়োজনীয় পুষ্টি পাবে পড়ুয়ারা। পাশাপাশি মাঝেমধ্যে মিড ডে মিলে স্বাদবদল হলে পড়ুয়ারাও খুশি হবে।














