বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (TMC) অভিজ্ঞ নেতাদের মধ্যে একজন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেও গণ্য করা হত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay)। তবে এবার গুঞ্জন, সেই নেতাই বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন। এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ? এবার খোলসা করলেন উত্তর কলকাতার সাংসদ।
কেন বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন সুদীপ? | (Sudip Bandyopadhyay)
শোনা যাচ্ছে, এনডিএ-র শরিক হতে চেয়ে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লা দফতরে আবেদন জানাতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ইতিমধ্যেই বঙ্গভবনে প্রায় ২০ জন সাংসদ একজোট হয়েছেন বলে খবর। সুদীপ আবার শনিবার থেকেই দিল্লিতে আছেন।
আরও পড়ুনঃ গ্রামীণ হাওড়া থেকে কলকাতা যাওয়া আরও সহজ! চালু হচ্ছে নতুন রুট
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর কলকাতার সাংসদ বলেন, “বেশিরভাগ বিধায়ক ও সাংসদের একটাই ইচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা হয়ে থাকুন। ওদের আবেদন আমায় স্পর্শ করেছে”।
এদিকে বয়সের নিরিখে দেখা হলে বিদ্রোহী সাংসদদের মধ্যে সুদীপ সবচেয়ে বড়। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তিনিই কি বিদ্রোহী শিবিরের প্রধান মুখ হতে চলেছেন? যদিও জবাবে তিনি জানান, তাঁর দলনেতা হওয়ার কোনও ইচ্ছা নেই। একইসঙ্গে বলেন, “প্রথম থেকে কাকলি খুব উদ্যোগ নিয়েছে। চারপাশ থেকে এত চাপ ও অনুরোধ আসছিল, আমিও ভীষণ বেসামাল হয়ে পড়েছিলাম”।

সুদীপের বিদ্রোহী শিবিরে নাম লেখানো নিয়ে জোর জল্পনা চললেও এখনও চিঠিতে সই করেননি বলে জানিয়েছেন তিনি নিজে। প্রবীণ নেতা স্পষ্ট বলেন, “এখনও আমি সই করিনি। শুভেন্দুকে বলেছিলাম, তুমি আসলে আমি সই করব। আজ রাতে শুভেন্দু দিল্লি আসবে শুনলাম। নৈশভোজে দেখা হতে পারে”।
ভোটে ভরাডুবির পর তৃণমূলে বড়সড় ফাটল দেখা দিয়েছে। একের পর এক দলের হেভিওয়েট নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন। সেই তালিকার নবতম সংযোজন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে জল্পনা। দলনেত্রীর শিবির ছেড়ে কেন বিক্ষুব্ধদের শিবিরে যোগ দিলেন, এবার তা জানিয়ে দিলেন প্রবীণ নেতা নিজে।













