বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবকদের জন্য বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি প্রকল্প ‘যুব সাথী’ (Yuva Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত অথচ কর্মহীন যুবকদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। পাশাপাশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার।
যুব সাথী প্রকল্পের (Yuva Sathi Scheme) সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক সরাসরি উপকৃত হবেন। এই প্রকল্পের মূল সুবিধাগুলি হল –
মাসিক ভাতা: যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন।
সর্বোচ্চ সময়সীমা: সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে, অথবা যতদিন না চাকরি মিলছে।
মোট আর্থিক সাহায্য: পাঁচ বছরে একজন উপভোক্তা সর্বাধিক ৯০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
কার্যকর হওয়ার তারিখ: আগামী ১৫ আগস্ট, ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে।
কারা আবেদন করতে পারবেন?
সরকারি ঘোষণায় স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই এই প্রকল্পে আবেদন করা যাবে। শর্ত গুলি হল –
- আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে
- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
- যিনি আবেদন করবেন, তিনি রাজ্যের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
*তবে কোনো শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ পেলে তাতে কোনো সমস্যা হবে না।
বিশেষজ্ঞদের মতে, আগের ‘যুবশ্রী’ প্রকল্পের সঙ্গে নতুন যুব সাথী প্রকল্পের (Yuva Sathi Scheme) অনেক মিল রয়েছে। তবে কয়েকটি বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা আসেনি। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীরা আবেদন করতে পারবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়া কেমন হবে, অনলাইনে নাকি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা হয়নি। রাজ্য সরকার শীঘ্রই এই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট
শুধু যুবকরাই নয়, রাজ্যের মহিলাদের জন্যও বড় সুখবর দিয়েছে সরকার। জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে।
জেনারেল ও ওবিসি মহিলারা: আগে পেতেন ১,০০০ টাকা, এবার পাবেন ১,৫০০ টাকা
SC/ST মহিলারা: আগে পেতেন ১,২০০ টাকা, এবার পাবেন ১,৭০০ টাকা
এই বর্ধিত ভাতা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য বড় সুখবর! লক্ষ্মীর ভান্ডারে বাড়ল ৫০০ টাকা, কীভাবে আবেদন করবেন? জানুন…
রাজ্যের এই নতুন উদ্যোগ বেকার যুবকদের আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পের (Yuva Sathi Scheme) আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।













