বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনার পদ্ধতিতে এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শিক্ষক থেকে শুরু করে আধিকারিক ও অন্যান্য কর্মীদের PF ব্যবস্থাপনাকে একই আইনি কাঠামোর আওতায় আনতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)। সেই লক্ষ্যেই ২০২৬ সালের সংশোধনী বিল প্রকাশ করা হয়েছে কলকাতা গেজেটে। নতুন প্রস্তাব কার্যকর হলে রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নিয়মে আর আলাদা আলাদা ব্যবস্থাপনা থাকবে না।
PF ব্যবস্থাপনায় নয়া পরিকল্পনা রাজ্য সরকারের (West Bengal Government)
জানা গেছে, গৌড়বঙ্গ, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কাজী নজরুল, আলিপুরদুয়ার এবং কন্যাশ্রী-সহ একাধিক বিশ্ববিদ্যালয় এই পরিবর্তনের আওতায় আসছে। সংশোধনীতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির PF সংক্রান্ত বিদ্যমান ধারাগুলিতে প্রয়োজনীয় রদবদলের কথা বলা হয়েছে। এই নিয়মে West Bengal Non-Government Educational Institutions and Local Authorities (Control of Provident Fund of Employees) Act, 1983 অনুসারে বিশ্ববিদ্যালয়গুলিতে বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনার ব্যবস্থা করা হবে।
পিএফ সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে ফারাক রয়েছে, তা অনেকটাই কমবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলকে ১৯৮৩ সালের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় অর্ডিন্যান্স তৈরি করার সুযোগ দেওয়া হচ্ছে। PF পরিচালনার যাবতীয় নিয়ম যাতে নতুন আইনি কাঠামোর সঙ্গে খাপ খায়, সেই অনুযায়ী অধ্যাদেশ জারি করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই পরিবর্তনের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল আর্থিক ব্যবস্থাপনা। সংশোধনী কার্যকর করার সময় বাজেট বা অর্থ সংক্রান্ত যে প্রয়োজনীয়তা তৈরি হবে, তা রাজ্য অর্থ দফতরের সঙ্গে আলোচনা করেই মেটানোর কথা বলা হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পৃথক PF ব্যবস্থাপনার জটিলতা কমতে পারে।

আরও পড়ুন : দুর্গাপুজোয় নয়া চমক! ১০ হাজার প্রবীণকে ‘পুজো ট্যুর’ করাবে আদানিরা
একই নিয়ম কার্যকর হলে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি প্রশাসনিক কাজও আরও গোছানো হবে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের এই সংশোধনী বিল তাই রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির PF ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ খুলে দিতে পারে।













