বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই রেশন (Ration Card) নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গেই বিষয়টি নিয়ে তৎপর কেন্দ্রও। সম্প্রতি জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় ২৪ লক্ষ রেশন গ্রাহককে চিহ্নিত করে সেই তালিকা খাদ্য দফতরে (West Bengal Food Department) পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁদের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ভেরিফিকেশনের পরেই রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত? | (Ration Card)
অগাস্ট মাসে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া। শীঘ্রই রাজ্যের রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এবার জানা গেল, জাতীয় প্রকল্পের অধীন বাংলার প্রায় ২৪ লক্ষ রেশন গ্রাহকের তালিকা খাদ্য দফতরে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ পুজোয় পাহাড়ে যাওয়ার মজা দ্বিগুণ! চালু হচ্ছে রেড পান্ডা ও মুক্তধারা জয়রাইড, ভাড়া কত জানুন
ইতিমধ্যেই এই গ্রাহকদের নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই যাচাই প্রক্রিয়ার পর দ্রুত অযোগ্য গ্রাহকদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিতে পারে খাদ্য দফতর। যদিও কোন কোন মাপকাঠিতে রেশন কার্ড বাতিল করা হবে সেই বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট ঘোষণা হয়নি।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী, আয়কর দাতা, কোম্পানি ডিরেক্টর, গাড়ি মালিকদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। সেই সঙ্গেই মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে।

জানা গিয়েছে, অযোগ্য রেশন গ্রাহকদের কার্ড বাতিলের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রায় ২৪ লক্ষ গ্রাহকের মধ্যে প্রথম পর্যায়ে ১৭ লক্ষ ৭৪ হাজারের নাম ছিল। দ্বিতীয় পর্যায়ে আরও ৬ লক্ষ ১২ হাজার নাম যুক্ত হয়। এবার তাঁদের সকলের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে অযোগ্য প্রমাণিত হলে কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে সরকার।
এদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আগেই বলেছিলেন, সরকারি কর্মচারী, পেনশনভোগী, আর্থিকভাবে স্বচ্ছল নাগরিকরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এই আবহে রাজ্যের প্রায় ২৪ লক্ষ রেশন গ্রাহককে নিয়ে সামনে এল বড় আপডেট।













