বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দিতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভোটমুখী বঙ্গে রেল পরিকাঠামোকে কেন্দ্র করে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে আসছেন তিনি। শনিবার মালদহ এবং রবিবার হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা রয়েছে। তার আগেই শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডলে এই সফর ঘিরে পরপর দুটি পোস্ট করেন প্রধানমন্ত্রী।
বঙ্গে আসার পূর্বে কী জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)
উল্লেখযোগ্যভাবে, দুটি পোস্টই বাংলায় লেখা। সেই পোস্টে একদিকে যেমন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে, তেমনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে রাজনৈতিক বার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপিকে জিতিয়ে রাজ্যে সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই ভাষা ও ভঙ্গিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা ভোটের আগে বাংলায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে মরিয়া কেন্দ্র ও বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: বছরের শুরুতেই ডিজিটাল স্ট্রাইক কেন্দ্রের! ব্লক করা হল ২৪২ টি অবৈধ বেটিং-গ্যাম্বলিং ওয়েবসাইটের লিঙ্ক
প্রধানমন্ত্রী তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও মজবুত করতে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে আধুনিক মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের শিলান্যাস করা হবে। পাশাপাশি চারটি নতুন অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করবেন তিনি। সব মিলিয়ে প্রায় ৩২৫০ কোটি টাকার বেশি রেল প্রকল্পের সূচনা হতে চলেছে এই সফরে।
আরেকটি পোস্টে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, মালদহ ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে বিজেপির সমাবেশে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। প্রতিদিনই তৃণমূল সরকারের অপশাসনের নতুন উদাহরণ সামনে আসছে বলে দাবি করে মোদি লেখেন, তৃণমূলের শাসনে রাজ্যের মানুষ বিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত। তাঁর দাবি, মানুষ এখন উন্নয়নমুখী বিজেপি সরকার চায়।

আরও পড়ুন: ‘কাঙাল’ পাকিস্তানের শোচনীয় অবস্থা! এবার সেনা-নিয়ন্ত্রিত সংস্থাও বিক্রি করতে চায় সরকার
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের একাংশের মতে, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু রয়েছে, তার সঙ্গে কেন্দ্রের দাবি বাস্তবে মেলে না। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের প্রশ্নে বিজেপির সমালোচনা ভিত্তিহীন এবং রাজ্যের মানুষ সেই কথায় বিভ্রান্ত হবেন না। ভোটের আগে মোদির সফর ও বার্তা ঘিরে তাই রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল।












