বাংলাহান্ট ডেস্ক: ফের নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। আমেরিকার মদতে ইরানে ইজরায়েলের (Iran-Israel) হামলার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা তেহরান এই হামলার জবাবে ‘অপারেশন ফাতাহ-ই-খাইবার’ শুরু করার ঘোষণা করেছে। সূত্রের খবর, একে অপরের বিভিন্ন সামরিক ঘাঁটি ও লক্ষ্য করে আঘাত হানতে শুরু করেছে। ফলে গোটা পশ্চিম এশিয়ায় এই মুহুর্তে অস্থিরতা ছড়িয়ে পড়েছে যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
ভারতের ১০০ টাকার ‘মূল্য’ ইরান-ইজরায়েলে (Iran-Israel) কত?
তবে ইজরায়েল-ইরানের এই সংঘাতের তাৎপর্য শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ নয়; এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের মতো তেল-নির্ভর অর্থনীতিতে। বিশ্বে অপরিশোধিত তেল পরিবহণের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ এখন অনিশ্চয়তার মুখে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল রফতানি হয়। সেখানে সামান্য বিঘ্ন ঘটলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছেন, উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তেলের ব্যারেল প্রতি দাম ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন:আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করলেন ট্রাম্প! ভারতের বাড়বে উদ্বেগ?
উল্লেখ্য, ভারত তার মোট তেল চাহিদার বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের অভ্যন্তরেও পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়া প্রায় অনিবার্য। শুধু তাই নয় জ্বালানির দাম বাড়লে পরিবহণ ব্যয়ও বাড়বে, যার প্রভাব পড়বে খাদ্যদ্রব্য থেকে নির্মাণসামগ্রী—প্রায় সব ক্ষেত্রেই। মূল্যবৃদ্ধির এই চাপ সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বড়সড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আমদানি খরচ বেড়ে গেলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও ঘাটতি দেখা দিতে পারে।
এছাড়াও মুদ্রার নিরিখে ভারত ও ইরানের অবস্থানের পার্থক্যও এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সরকারি মুদ্রা ইরানি রিয়ালের আন্তর্জাতিক মূল্য তুলনামূলকভাবে অনেক কম। বর্তমান বিনিময় হার অনুযায়ী, ১ ভারতীয় রুপি প্রায় ৪৬৩ ইরানি রিয়ালের সমান। অর্থাৎ ১০০ ভারতীয় রুপিতে প্রায় ৪৬,৩০০ রিয়াল এবং ১,০০০ রুপিতে প্রায় ৪,৬৩,০০০ রিয়াল পাওয়া সম্ভব। এই ব্যবধান থেকে ইরানের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মুদ্রাস্ফীতির চিত্রও স্পষ্ট।

আরও পড়ুন: ভুলে যাবেন একঘেয়ে ঝোল, এভাবে রান্না করুন কাতলা মাছ, মুখে লেগে থাকবে স্বাদ
অন্যদিকে ইজরায়েলের অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী এবং তাদের মুদ্রা নিউ শেকেলের মূল্য ভারতীয় রুপির চেয়ে অনেক বেশি। বর্তমান হারে একটি ইজরায়েলি নিউ শেকেল কিনতে প্রায় ২৯ ভারতীয় রুপি প্রয়োজন। ফলে ১০০ রুপিতে মাত্র প্রায় ৩.৪৪ শেকেল এবং ১,০০০ রুপিতে মিলবে প্রায় ৩৪.৪৮ শেকেল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বেশিদিন চলতে থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি মুদ্রার ওপরও চাপ বাড়তে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিতেই বেশি পড়ে। এই আবহে এখন ভারতের তরফ থেকে গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছে দিল্লি।

















