বাংলা হান্ট ডেস্ক: রাজ্যসভার পদ থেকে সরানোর পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল পদ্মশিবিরে যোগ দেবেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে আম আদমি পার্টির আরও ছয় নেতা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি গেরুয়া শিবিরে নাম লেখিয়েছেন। এর ফলে রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সাংসদের মধ্যে ৭ জনই বিজেপির সঙ্গে যুক্ত হলেন, যা দেশের রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে।
বিজেপিতে যোগ দেওয়ায় সাংসদ পদ খোয়াবেন রাঘব চাড্ডা (Raghav Chadha)?
রাঘবদের দাবি, রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সাংসদ দলবদল করায় তাঁরা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না। সংবিধানের নির্দিষ্ট ধারায় বলা আছে, যদি কোনও দলের দুই-তৃতীয়াংশ সদস্য একসঙ্গে দল পরিবর্তন করেন, তবে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর হয় না। এই যুক্তিকেই সামনে রেখে তাঁরা নিজেদের পদ রক্ষার বিষয়ে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি সংঘর্ষ! লেবাননে ফের হামলা ইজরায়েলের, মৃত একাধিক
তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে আম আদমি পার্টি। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, শুধুমাত্র সাংসদের সংখ্যা নয়, গোটা দলের একীভূত হওয়াই এখানে মূল বিষয়। অর্থাৎ, দলটি সম্পূর্ণভাবে অন্য দলে মিশে না গেলে এই আইন প্রযোজ্য হবে এবং সেই ক্ষেত্রে দলত্যাগী সাংসদদের পদ বাতিল হতে পারে। ফলে বিষয়টি এখন সরাসরি আইনি ব্যাখ্যার উপর নির্ভর করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির সঙ্গে মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের তুলনা করা হলেও বাস্তবে দুই ক্ষেত্রের পার্থক্য রয়েছে। যেমন একনাথ শিন্ডের ক্ষেত্রে অধিকাংশ বিধায়ক তাঁর সঙ্গে যাওয়ায় তাঁর গোষ্ঠীকেই বৈধতা দেওয়া হয়েছিল। একইভাবে অজিত পাওয়ারের ক্ষেত্রেও দলীয় প্রতীক ও স্বীকৃতি নিয়ে একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আপ একটি জাতীয় দল হওয়ায় এখানে সমীকরণ অনেক বেশি জটিল।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! সামনে এল পরিসংখ্যান
সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়াল এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন। খুব শিগগিরই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দলত্যাগ বিরোধী আইনে আবেদন জানানো হতে পারে। ফলে আগামী দিনে রাঘব চাড্ডা (Raghav Chadha) সহ সাত সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।













