বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই তাপমাত্রা নামল না এদিন। কলকাতায় স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু কিছু জেলায় স্বাভাবিকের চেয়ে নিচে থাকলেও ক্রমেই উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে ফেব্রুয়ারির শুরু থেকেই দাপট দেখাবে গরম। আর বুধবার থেকেই মোটামোটি ‘খেলা’ শুরু হয়ে যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, এই মরসুমে আর কনকনে শীত পড়বে না। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আগামী ৪৮ ঘণ্টায়। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর বলছে, এখনই শীত পুরোপুরি উধাও হচ্ছে না, আরও কিছুদিন থেকে যাবে। তবে বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তাপমাত্রা বাড়ছে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায় কুয়াশা বেশি পড়বে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: মুখে দিলেই মিলিয়ে যাবে! বাটাবাটির ঝক্কি ছাড়াই সজনে ফুলের ভর্তা বানানোর ঘরোয়া প্রণালী রইল
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। হলুদ সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। তালিকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে তাপমাত্রা ১০- ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে সর্বোচ্চ ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে। সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে পূর্বাভাস।












