বাংলাহান্ট ডেস্ক: মাঘের শীত বাঘের গায়ে তো দূর, সাধারণ মানুষের শরীরেও কমই লাগছে। আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যে এ যাত্রায় আর কাঁপুনি দেওয়া শীত ফিরবে না। তবে দক্ষিণ (South Bengal Weather) হোক বা উত্তরবঙ্গ, শীত এখনই উধাও হবে না। আপাতত শীতের আমেজ বজায় থাকবে। একাধিক জেলায় হবে বৃষ্টিপাত। সবমিলিয়ে রইল আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। শহর কলকাতায় আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
চলতি সপ্তাহে মোটের উপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে। সকাল ও রাতের দিকে শিরশিরানী থাকলেও দিনের বেলায় শীতের অস্তিত্ব সেভাবে টের পাওয়া যাবে না। আপাতত শীত থাকবে বঙ্গে। শীত বিদায় হতে হতে ফেব্রুয়ারীর প্রথমদিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে একাধিক জেলায় হালকা আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশার সম্ভাবনা শনিবার পর্যন্ত।

আরও পড়ুন: বাণিজ্যচুক্তি নিয়ে মিলবে সমাধান? আগামী সপ্তাহেই আমেরিকা সফর জয়শঙ্করের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে কিছুটা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি, আর নীচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস।
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা। আজ কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টির এবং দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বাকি শুষ্ক থাকবে আবহাওয়া।












