বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করা এখন অনেকটাই সহজ হয়ে গেল। আর সাইবার ক্যাফে ঘুরতে হবে না, লম্বা লাইনে দাঁড়ানোরও প্রয়োজন নেই। নিজের স্মার্টফোন থেকেই সরাসরি আবেদন করা যাবে ‘বাংলার যুবসাথী’ মোবাইল অ্যাপের মাধ্যমে। সম্প্রতি এই নতুন পদ্ধতি চালু হয়েছে, যাতে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত এবং ঝামেলাহীন হয়।
যুবসাথীতে (Yuvasathi Scheme) আবেদনের শর্ত
যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ত জানা জরুরি। সব আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো আর্থিক অনুদান পাচ্ছেন, যেমন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কৃষক বন্ধু’, তাঁরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে শিক্ষামূলক স্কলারশিপ প্রাপকরা আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। ০১-০৪-২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনপত্রে বর্তমান পেশার জায়গায় ‘Unemployed’ বা বেকার উল্লেখ করা বাঞ্ছনীয়।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ?
এই অ্যাপ সরাসরি গুগল প্লে স্টোরে খুঁজে পাওয়া যাবে না। নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকেই এটি ডাউনলোড করতে হবে। প্রথমে মোবাইলের ব্রাউজার থেকে ds.wb.gov.in পোর্টালে যেতে হবে। সেখানে ‘বাংলার যুবসাথী’ মূল পেজে ঢুকে “Apply Online” অপশনে ক্লিক করে পরে “Download Mobile App” বেছে নিতে হবে। প্রায় ৮.২৭ এমবি সাইজের অ্যাপটি ডাউনলোড হলে ফোনের সেটিংসে গিয়ে ‘Unknown Sources’ পারমিশন চালু করে ইনস্টল করতে হবে।
কোন কোন নথি লাগবে?
আবেদন করার আগে প্রয়োজনীয় সব নথি স্ক্যান বা ছবি তুলে প্রস্তুত রাখতে হবে। সব নথিই সেলফ-এটেস্টেড, অর্থাৎ নিজের সই করা থাকতে হবে। পিডিএফ ফরম্যাটে (৩০০ কেবির মধ্যে) লাগবে- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)। জেপিইজি (JPEG) ফরম্যাটে (৫০ কেবির মধ্যে) লাগবে- রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং নিজের সই।
আবেদন প্রক্রিয়া
অ্যাপ খুলে প্রথমে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। এরজন্য নাম (ক্যাপিটাল লেটারে), আধার নম্বর, জন্মতারিখ এবং অভিভাবকের নাম। নিজের ক্যাটাগরি (SC/ST/OBC/General) সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপর ঠিকানা ও শিক্ষাগত তথ্য দিতে হবে। ড্রপডাউন মেনু থেকে জেলা, ব্লক, থানা ও পিনকোড বেছে নিতে হবে। মাধ্যমিক পরীক্ষার বোর্ড, পাশের বছর এবং রোল নম্বর লিখতে হবে।
ব্যাঙ্কের তথ্য দেওয়ার সময় পাসবুক দেখে আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর নির্ভুলভাবে বসাতে হবে। এরপর নির্দিষ্ট সাইজ অনুযায়ী সব নথি আপলোড করতে হবে। সঠিকভাবে আপলোড হলে সবুজ সংকেত দেখা যাবে।সবশেষে সেলফ ডিক্লারেশনে টিক দিয়ে “Final Submit” করতে হবে। তখন একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে, যা পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখা প্রয়োজন।

আরও পড়ুনঃ আরজি কর কেলেঙ্কারিতে বড় সিদ্ধান্ত! সন্দীপ ঘোষ-সহ ৫ জনের জামিন খারিজ, কড়া বার্তা হাই কোর্টের
পরবর্তীতে আবেদনের অবস্থা জানতে অ্যাপের “Check Status” অপশনে গিয়ে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন করলেই জানা যাবে আবেদন গৃহীত হয়েছে কি না।এই নতুন মোবাইল অ্যাপ চালুর ফলে যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ ও দ্রুত হয়েছে। বাড়িতে বসেই সমস্ত তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করা সম্ভব, ফলে সময়ও বাঁচবে, ঝামেলাও কমবে।












