বাংলাহান্ট ডেস্ক : বাংলায় পুণ্যার্থীদের বড় আকর্ষণের জায়গা মায়াপুর (Mayapur)। শুধু এ রাজ্য নয়। দেশের বিভিন্ন রাজ্য তথা বিদেশ থেকেও ঈশ্বরের টানে ছুটে আসেন ভক্তরা। মায়াপুরে ইসকনের তরফে পুণ্যার্থীদের থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থাও রয়েছে। কিন্তু এবার এই মায়াপুরেই ধরা পড়ল ভুয়ো রুম বুকিং চক্র। একাধিক ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে চলছে রুম বুকিং। এমনকি রয়েছে হোয়াটসঅ্যাপ ভিত্তিক বুকিং চ্যানেলও। এই সমস্ত প্রতারণা চক্রের পাল্লায় পড়ে বহু মানুষের টাকা খোওয়া গিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এই অনলাইন প্রতারণা নিয়ে পুণ্যার্থীদের সতর্ক করেছে ইসকন মায়াপুর।
মায়াপুরে (Mayapur) রুম বুকিংয়ের নামে প্রতারণা
অভিযোগ, মায়াপুরের আবাসন কেন্দ্র প্রভুপাদ ভিলেজ, ইসোদয়ন, গদা ভবন, কঞ্চ ভবন এবং গীতা ভবনে ঘর ভাড়া দেওয়ার কথা বলা হচ্ছে ওই প্রতারণা মাধ্যমে। এভাবে ঘর বুক করে অনেকেরই টাকা খোওয়া গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই এফআইআর দায়ের করা হয়েছে ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগেও।

কীভাবে চলছে প্রতারণা: ইসকন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একাধিক ভুয়ো ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে প্রতারকরা। সেখানে মায়াপুরের (Mayapur) বিভিন্ন পরিচিত ভবনে ঘর বুকিং করে দেওয়ার ভুয়ো দাবি করা হচ্ছে। ইসকন কর্তৃপক্ষ এমনই একটি ভুয়ো ওয়েবসাইট চিহ্নিত করেছে। এমন আরও ওয়েবসাইট সক্রিয় রয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন : নির্বাচনের আবহে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে! ৪৫ দিনে খুন ১৫ হিন্দু, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
সতর্ক করল ইসকন: ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এ বিষয়ে বলেন, ভুয়ো ওয়েবসাইট গুলি অত্যন্ত বিশ্বাসযোগ্য ভাবে তৈরি করা হয়েছে। চাহিদার সময়ে ছাড়ের প্রলোভন দেখায় তারা। আর তারপর পুরো টাকাটা নেওয়ার পরেই উধাও হয়ে যায়। পর্যটকদের সতর্ক করে ইসকনের তরফে বলা হয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি এবং অনুমোদিত ওয়েবসাইট হল https://www.visitmayapur.com/। এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট বা ফোনকলের মাধ্যমে করা বুকিং ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন : ফুটে উঠবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, শিলিগুড়িতে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি! কী বললেন মমতা?
পর্যটন মরশুমে পুণ্যার্থীদের সতর্ক করে ইসকন পরামর্শ দিয়েছে, একমাত্র সরকারি ওয়েবসাইট থেকেই রুম বুক করতে। ছাড়, বিশেষ সুবিধার প্রলোভনে পা না দিতে এবং টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের URL ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ইসকন।













