বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্থগিতদেশ। স্কুল সার্ভিস কমিশন (SSC) মামলায় এবার বয়সে ছাড় দেওয়া নিয়ে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ আপাতত স্থগিত করা হচ্ছে।
SSC মামলায় নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের | Supreme Court
২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় দেওয়া নিয়ে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই রায়ই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি সিনহার নির্দেশ কার্যকর হতে আপাতত বাধা দিল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, শুধুমাত্র যোগ্য হওয়ার পরেও যাঁরা চাকরি পাননি, তাঁদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া নিয়ে তারা সহমত হতে পারছেন না। উল্লেখ্য, গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালতের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারান প্রায় ২৬০০০ জন।
নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে আদালত বলেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োেগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইসঙ্গে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার রাস্তা খোলা রাখে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছিল যে, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন এবং যাঁরা কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছেন, তাঁরা বয়সের ছাড় পেয়ে আবার নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। এরপর ওয়েটিং লিস্টে থাকা একাধিক প্রার্থী আদালতের দ্বারস্থ হন। সেখানেই বয়সছাড়ের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে পর্ষদের নতুন বিজ্ঞপ্তি, এবার বাংলা মাধ্যমের ইন্টারভিউ, কবে?
সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষকে নোটিস দিয়েছে। আদালত আরও জানিয়েছে, আপাতত শুধুমাত্র যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের ক্ষেত্রেই বয়সের ছাড় সংক্রান্ত নির্দেশ বহাল থাকবে। দু’সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন দিয়েছে আদালত।













