বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। কনকনে ঠান্ডা আর নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। মাঘের শুরুতে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তাতে শীত যে আর বেশি দিন থাকছে না সেকথাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। তারপর আবার রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? দেখুন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্দ্ধমুখী হওয়ার পেছনে রয়েছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে রাজ্যের আশপাশে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। ২৬ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সবমিলিয়ে উধাও হবে শীতের দাপট।
আবহাওয়া দপ্তর বলছে, আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার ওঠা নামা চলবে। আবার শুক্র ও শনিবার এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তারপর রবি ও সোমবারে ফের বাড়বে তাপমাত্রা। সবমিলিয়ে শীতের আমেজ কমবে সমানে।
রাজ্যজুড়ে লক্ষ্য করা যাবে কুয়াশার প্রভাবও। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই সকালের কম-বেশি কুয়াশা থাকবে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই। কলকাতা সহ বাকি জেলাতে বৃষ্টিরও কোনো পূর্বাভাস আপাতত নেই।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আপাতত আগামী পাঁচ দিন। সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় রোদ থাকলেও তার দাপট সেরম থাকবে না। ধীরে ধীরে শীতের দাপট কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার থাকবে। তবে সতর্কতা জারি নেই।













