গাড়ির মধ্যে ছিল বিস্ফোরক? পাকিস্তানে ব্যস্ত বাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ৯ জনের

Published on:

Published on:

7 Dead in horrific explosion near busy market in Pakistan.
Follow

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জনবহুল এলাকা। সোমবার একটি ব্যস্ত বাজারের কাছেই রেলগেট সংলগ্ন এলাকায় আচমকা শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। মৃতদের মধ্যে পাঁচ জন সাধারণ নাগরিক এবং দু’জন পুলিশকর্মী রয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান, একটি গাড়ির ভিতরে রাখা বিস্ফোরক থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পাকিস্তানে (Pakistan) ব্যস্ত বাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণের মৃত অন্তত ৯:

বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায় এবং আশপাশের দোকানপাট কেঁপে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাজার চত্বর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন: নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করবে পাকিস্তান-বাংলাদেশ! ১০ বছরের জন্য সম্পন্ন চুক্তি

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে ঘটনার ধরণ দেখে তদন্তকারীদের একাংশের সন্দেহ, এর পিছনে সংগঠিত জঙ্গি নেটওয়ার্ক থাকতে পারে।

উল্লেখ্য, গত মাসেও খাইবার পাখতুনখোয়ায় একই ধরনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন একটি গাড়িবোমা বিস্ফোরণে মহিলা ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একাধিক পুলিশকর্মী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সেই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরপর এই ধরনের হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

7 Dead in horrific explosion near busy market in Pakistan.

আরও পড়ুন: অভিষেকের ‘ভোট হিংসা’র তত্ত্ব খারিজ, হিজলি শরিফের আগুন ‘শর্ট সার্কিট’ থেকে, জানাল পুলিশ

বিশেষজ্ঞদের মতে, খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরেই অশান্ত এলাকা হিসেবে পরিচিত। সেখানে বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-র সঙ্গে পাক সেনার সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনা। টিটিপি দাবি করে, পাকিস্তানের মূলধারার রাজনীতিতে এই অঞ্চলের মানুষ অবহেলিত এবং তারা স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে। অন্যদিকে পাকিস্তান (Pakistan) সেনার অভিযোগ, আফগানিস্তানের মদতে জঙ্গিরা সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করছে। তবে সাম্প্রতিক বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।