বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ইতিহাস এবং রাজ্যের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ দিনকে স্মরণ করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ২০ জুন রাজ্য জুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschimbanga Divas)। এই উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গের গঠনের ইতিহাস পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্যের (Government of West Bengal) নতুন নির্দেশিকা
গত ১০ জুন পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ৩ জুন অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschimbanga Divas) হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১ বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছিল। তবে এবার ২০ জুনকে আলাদা করে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার কথা জানানো হয়েছে। রাজ্যের সমস্ত জেলা সদর, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এই কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।
কেন ২০ জুন?
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভায় বাংলা ভাগের পক্ষে ভোট হয়েছিল। সেই ঐতিহাসিক ঘটনার পরেই স্বাধীন ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের পথ তৈরি হয়। সেই দিনটিকেই স্মরণ করে এবার থেকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে। সরকারের (Government of West Bengal) মতে, এই দিবসের মাধ্যমে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো যাবে।
কী কী উদ্দেশ্য রয়েছে?
এই দিবস (Paschimbanga Divas) পালনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরার চেষ্টা করা হবে। পাশাপাশি বঙ্গভঙ্গের ইতিহাস এবং পশ্চিমবঙ্গ কীভাবে গঠিত হয়েছিল, সেই বিষয়ে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও সমাজে ভ্রাতৃত্ববোধ, দায়িত্ববোধ এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে সরকারের।
স্কুল-কলেজে কী হবে?
সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা সভা এবং বক্তৃতার আয়োজন করতে হবে। অন্যদিকে স্কুলগুলিতে প্রবন্ধ লেখা, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন শিক্ষামূলক উপকরণ প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতি বছর এই বিষয়কে কেন্দ্র করে স্মারক বক্তৃতা বা মেমোরিয়াল লেকচারের আয়োজন করার কথাও বলা হয়েছে। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের (Government of West Bengal) এই উদ্যোগের ফলে পশ্চিমবঙ্গের ইতিহাস ও রাজ্যের গঠনের পেছনের ঘটনাগুলি নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। আগামী ২০ জুন প্রথমবারের মতো সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’।













