বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে বিশ্বকাপের (FIFA World Cup 2026) লড়াই। ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্স, জার্মানির (Germany) বিধ্বংসী ফুটবল, কেপ ভার্দের মতো ছোট দেশের স্পেনকে রুখে দেওয়া, সব মিলিয়ে প্রথম রাউন্ড শেষ হওয়ার আগেই একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। এখনও লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকারা মাঠে নামেননি। তাতেই জমে উঠেছে ৪৮ দলের এই টুর্নামেন্ট।
চলতি বিশ্বকাপ একাধিক স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। তার মধ্যে একটি হলো জার্মানি বনাম কুরাসাও ম্যাচ। মাত্র ১ লক্ষ ৫৮ হাজার জনসংখ্যা বিশিষ্ট দেশ মরিয়া লড়াই শুরু করেছিল জার্মানির বিরুদ্ধে। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে ম্যাচে সমতা ফিরিয়েও ৭-১ ফলে বিধ্বস্ত হতে হয়েছে তাদের।
আরও পড়ুন: ব্রাজিলের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলো জার্মানি! সাম্বা ব্রিগেডকে টপকে গড়লো নতুন বিশ্বরেকর্ড
এই ম্যাচের পরেই একটি নতুন পরিসংখ্যান সকলের সামনে উঠে এসেছে। ইতিহাস বলছে যে বিশ্বকাপের মঞ্চে মোট ৪ বার এক ম্যাচে ৭ গোল করার বিরল নজির স্থাপন করেছে জার্মানি। আর সেই বিশ্বকাপগুলিতে তারা ১ ম্যাচে ৭ গোল করে বিপক্ষকে চূর্ণ করেছে সেবারে নিশ্চিতভাবে তারা ফাইনাল খেলেছে। একবার দেখে নেওয়া যাক ইতিহাস ঠিক কিভাবে জার্মানির পক্ষে কথা বলছে…………………

বিশ্বকাপে জার্মানি/পশ্চিম জার্মানির ৭ গোলের ম্যাচ:
১৯৫৪ সাল: পশ্চিম জার্মানি ৭–২ তুরস্ক
২০০২ সাল : জার্মানি ৮–০ সৌদি আরব
২০১৪ সাল : ব্রাজিল ১–৭ জার্মানি
২০২৬ সাল: জার্মানি ৭–১ কুরাসাও
এর মধ্যে প্রথম তিনবারই তারা ফাইনাল খেলেছে। ১৯৫৪ ও ২০১৪ সালে তারা খেতাব দখল করেছিল। ২০০২ সালের ফাইনালে দুরন্ত রোনাল্ডো নাজারিওর ব্রাজিলের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন অলিভার কান-রা। এবারও কি তবে বিশ্বকাপ ফাইনাল খেলবে জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রূপপর্ব থেকে ছিটকে গেলেও এবারে প্রথম ম্যাচে প্রিয় দলের দাপট দেখে আশায় বুক বাঁধছেন ভক্তরা।













