বাংলা হান্ট ডেস্কঃ যত দিন গড়াচ্ছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের। আগের দু’মাসে মাসের প্রথম দিনই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে আরও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। কিন্তু এবার ৫ তারিখ হয়ে গেলেও কেউ টাকা না পাওয়ায় অগাস্ট মাসের টাকা নিয়েও আবেদনকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। (Annapurna Yojana Money Update)
অন্নপূর্ণা যোজনার টাকা ১৫ আগস্টের পর | Annapurna Yojana
এর আগের দু’বার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করে যে, প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। আর অযোগ্যরা টাকা পাচ্ছেন। তাই কড়া ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু করে সরকার। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক ভেরিফিকেশন। এই কারণেই চলতি মাসে ভাতার টাকা দেরিতে ঢুকবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী।
রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ১৫ আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য। তিনি জানিয়েছেন সবদিক যাচাই করে যাতে একজন যোগ্যও বাদ না পড়েন, তার জন্যই যাচাই চলছে। ১৫ আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলেও জানিয়েছেন মালতী রাভা রায়।
সোমবার রাজ্য সরকারের এই সামাজিক প্রকল্প দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের সুফল পান সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনায়। এরপর সবদিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা।

আরও পড়ুন: ‘এইভাবে যে DA’র অর্ডার কোনোদিন প্রকাশ পায়নি তা অর্থ দপ্তর খুব..,’ বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায়
সেই কারণে এ মাসের আর্থিক সহায়তা কিছুটা দেরিতে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছিল। তবে মাসের শেষ অবদিও যদি টাকা না আসে এবং যদি আপনার সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা ঢুকছে না এমন হয়, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্র সম্পর্কে তথ্য নেওয়া ভালো।

















