বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসে সরকারি হাসপাতালে (Government Hospital) ভর্তি রোগীদের খাবার বাবদ বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার জানা গেল, রোগীদের খাদ্যতালিকায় আসতে চলেছে আমূল বদল। নতুন মেনুতে কী কী রয়েছে ইতিমধ্যেই তা জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী (Purnima Chakraborty)।
সরকারি হাসপাতালের রোগীদের খাদ্যতালিকা | (Purnima Chakraborty)
সম্প্রতি রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী বলেন, ১ আগস্ট থেকে রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের খাদ্যতালিকায় বদল আসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লক্ষ্য হল সুস্থ বাংলা। সেই লক্ষ্যে রোগীদের খাবার তালিকার জন্য দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।
আরও পড়ুনঃ অগ্নিমিত্রার অভিনব উদ্যোগ! মহিলাদের বড় ‘উপহার’ দিলেন রাজ্যের মন্ত্রী
এরপর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাদ্যতালিকায় কী কী থাকবে তা প্রকাশ করেন পূর্ণিমা। তিনি বলেন, সকালে রোগীদের জন্য চা ও দু’টি বিস্কুট থাকবে। জলখাবারে দেওয়া হবে দুধ, কলা, চিনি, পাউরুটি, ডিম সেদ্ধ।
এরপর দুপুরে রোগীদের দেওয়া হবে ভাত, ডাল, সবজির তরকারি, আলুর তরকারি, রুই বা কাতলা মাছ। বিকেলে ফের চা ও দু’টি বিস্কুট। সন্ধ্যায় শশা, মুড়ি, বাদাম এবং রাতে দেওয়া হবে ভাত, ডাল, রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ ও একটি করে চিজ।

এদিকে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডার নিয়ে আবার আইনি জটিলতা দেখা দিয়েছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে রাজ্যের জারি করা টেন্ডারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ। মঙ্গলবার সেই নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।
গতকাল এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ। এর ফলে পূর্ব ঘোষণা অনুসারে বর্ধিত খরচে খাবার সরবরাহের ক্ষেত্রে রাজ্যের সামনে আর কোনও আইনি বাধা রইল না।

















