বাংলা হান্ট ডেস্কঃ ঝাড়গ্রামের পাহাড়, জঙ্গল আর প্রকৃতির সৌন্দর্য দেখতে যেতে চান? কিন্তু যাতায়াতের ঝামেলার জন্য পরিকল্পনা বারবার পিছিয়ে যাচ্ছে? এবার সেই সমস্যা অনেকটাই কমল। কলকাতার ধর্মতলা থেকে ঝাড়গ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাঁশপাহাড়ি পর্যন্ত সরাসরি এসি সরকারি বাস পরিষেবা (WB Bus Service) চালু হয়েছে। ফলে ট্রেন বদলানো বা আলাদা গাড়ি ভাড়া করার ঝক্কি ছাড়াই একদিনে ঘুরে এসে আবার কলকাতায় ফেরা যাবে।
ধর্মতলা-বাঁশপাহাড়ি সরাসরি এসি বাস | WB Bus Service
ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনী বাজারে নতুন এই বাস পরিষেবার উদ্বোধন করেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। দীর্ঘদিন ধরে কলকাতা থেকে সরাসরি এই রুটে বাস চালুর দাবি ছিল। অবশেষে সেই পরিষেবা (WB Bus Service) চালু হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। নতুন এসি বাসটি প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে ধর্মতলা থেকে ছাড়বে। ঝাড়গ্রাম শহর, চিল্কিগড়, গিধনী বাজার এবং বেলপাহাড়ি হয়ে বাসটি বাঁশপাহাড়িতে পৌঁছবে। সেখানে কয়েক ঘণ্টা কাটানোর সুযোগ থাকবে। পরে বিকেল ৪টায় একই পথে কলকাতার উদ্দেশে রওনা দেবে বাস। ফলে সকালে বেরিয়ে সারাদিন ঘুরে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসা সম্ভব হবে।
এই নতুন পরিষেবার (WB Bus Service) ফলে ঝাড়গ্রামের একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেখা আরও সহজ হবে। চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির, ডুলুং নদীর তীর, চিল্কিগড় রাজবাড়ি, বেলপাহাড়ির সবুজ পাহাড়-জঙ্গল এবং বাঁশপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য এক সফরেই উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এতদিন অধিকাংশ মানুষ ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছে সেখান থেকে বাস বা ভাড়ার গাড়িতে গন্তব্যে যেতেন। ট্রেন দেরি হলে সেই যাত্রা আরও সমস্যার হয়ে উঠত। নতুন এই সরাসরি বাস পরিষেবা সেই ভোগান্তি অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে।
বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, কলকাতা থেকে সরাসরি বাস চালু হওয়ায় পর্যটকদের আসা-যাওয়া সহজ হবে। এর ফলে এলাকার হোটেল, দোকানপাট, গাইড এবং ছোট ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরাও উপকৃত হবেন। বর্তমানে বেলপাহাড়ি থেকে কলকাতার দিকে একাধিক বাস চললেও, কলকাতা থেকে সকালে সরাসরি পৌঁছনোর সুযোগ খুব সীমিত ছিল। নতুন পরিষেবা সেই অভাব দূর করবে বলেই আশা স্থানীয়দের।
বিধায়ক প্রণত টুডুর কথায়, পর্যটকের সংখ্যা বাড়লে এলাকার অর্থনীতিও শক্তিশালী হবে। পাশাপাশি এই অঞ্চলের সাধারণ মানুষও উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাবেন।
প্রতি শনি ও রবিবার ঝাড়গ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় উপচে পড়ে। কিন্তু বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, নয়াগ্রাম বা ঝিল্লির মতো এলাকায় যেতে এখনও অনেক ক্ষেত্রেই ভাড়ার গাড়ির উপর নির্ভর করতে হয়, যার জন্য খরচও কম নয়।

আরও পড়ুনঃ কলকাতা হাই কোর্টে আসছেন স্থায়ী প্রধান বিচারপতি! সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বড় সুপারিশ
পর্যটন ব্যবসায়ীদের মতে, ভবিষ্যতে যদি আরও পর্যটন বাস চালু করা হয়, তাহলে ঝাড়গ্রামে ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়বে। নতুন এই বাস পরিষেবা (WB Bus Service) সেই লক্ষ্য পূরণের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।













