ভারতকে সবচেয়ে ভালোবাসে এই দেশ, সবচেয়ে বিরোধিতা পাকিস্তানের! কী বলছে Pew-এর রিপোর্ট?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ভারতকে (India) কীভাবে দেখা হয়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি প্রকাশিত Pew Research Center-এর ২০২৬ সালের Global Attitudes Survey-তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ৩৬টি দেশের মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই সমীক্ষায় ভারতের ভাবমূর্তি নিয়ে একদিকে যেমন ইতিবাচক ছবি দেখা গিয়েছে, তেমনই কয়েকটি দেশে নেতিবাচক মনোভাবও স্পষ্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব রয়েছে শ্রীলঙ্কায়। সেখানে ৭৯ শতাংশ মানুষ ভারতের প্রতি অনুকূল মত প্রকাশ করেছেন, বিপরীতে মাত্র ১১ শতাংশের মত নেতিবাচক। অর্থাৎ সমীক্ষায় অংশ নেওয়া দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা দেখা গিয়েছে এই প্রতিবেশী দেশেই।

বিশ্বের চোখে ভারতের (India) ভাবমূর্তি কেমন? উঠে এল pew-এর

শ্রীলঙ্কার সঙ্গে ভারতের (India) সম্পর্কের এই ইতিবাচক ছবির পিছনে সাম্প্রতিক বছরগুলির সহযোগিতার ভূমিকা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময়ে ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে জ্বালানি, খাদ্য, ওষুধ এবং আর্থিক সহায়তা দিয়েছিল। সেই সময়ের সহযোগিতা দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও ভারতের প্রতি আস্থার জায়গা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন এবং কৌশলগত ক্ষেত্রেও ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। সমীক্ষার অন্যান্য ফলেও দেখা যাচ্ছে, ব্রিটেনে ৭১ শতাংশ, কেনিয়ায় ৭১ শতাংশ, জার্মানিতে ৬৩ শতাংশ এবং ইজরায়েলে ৬০ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মাঠে নামছে গম্ভীরের ভারত! ‘গর্বের মুহূর্ত’ ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল

তবে প্রতিবেশী বাংলাদেশে ছবিটা একেবারেই আলাদা। সমীক্ষা অনুযায়ী, সেখানে ৪২ শতাংশ মানুষ ভারতের প্রতি অনুকূল মত দিয়েছেন, কিন্তু ৫১ শতাংশ মানুষ নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২৪ সালের তুলনায় বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ পয়েন্ট কমেছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিষয়, রাজনৈতিক টানাপোড়েন, দ্বিপাক্ষিক কূটনৈতিক বিতর্ক এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ওঠানামা এই পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে একই অঞ্চলের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও বাংলাদেশ—ভারতকে দেখার ক্ষেত্রে এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রয়েছে।

সমীক্ষায় ভারতের প্রতি সবচেয়ে বেশি নেতিবাচক মনোভাব দেখা গিয়েছে পাকিস্তানে। সেখানে ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি অননুকূল মত দিয়েছেন এবং মাত্র ৭ শতাংশ ইতিবাচক মত প্রকাশ করেছেন। অন্যদিকে আমেরিকায় ৫০ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৫৫ শতাংশ এবং মালয়েশিয়ায় ৫৮ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব জানিয়েছেন। ব্রাজিলে ৪১ শতাংশের মত নেতিবাচক এবং ৩৭ শতাংশের মত ইতিবাচক। মেক্সিকোতে ৪৪ শতাংশ মানুষ ভারতের প্রতি অননুকূল মত দিয়েছেন, যেখানে ইতিবাচক মত ৩০ শতাংশের। আর্জেন্টিনায় নেতিবাচক মনোভাব ৪১ শতাংশের এবং ইতিবাচক ২৪ শতাংশের। তুরস্কেও ৭২ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

What is the image of Indias in the eyes of the world? Pew's findings have emerged.

আরও পড়ুন: রান্নার গ্যাসে বড় বদলের ইঙ্গিত, আমেরিকা থেকে LPG আমদানি বাড়াতে কেন্দ্রের উদ্যোগ

তবে সব মিলিয়ে ভারতের (India) আন্তর্জাতিক ভাবমূর্তি এখনও পুরোপুরি নেতিবাচক নয়। ৩৬টি দেশের সামগ্রিক হিসাবে ৪৫ শতাংশ মানুষ ভারতের প্রতি অনুকূল এবং ৪১ শতাংশ অননুকূল মতামত দিয়েছেন। অর্থাৎ, মোটের উপর ইতিবাচক মনোভাব সামান্য হলেও এগিয়ে রয়েছে। কিন্তু দেশভেদে এই ব্যবধান যথেষ্ট বড়। কোথাও ভারতের প্রতি আস্থা ও সমর্থন বাড়ছে, আবার কোথাও রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে জনমতেও। বিশেষ করে শ্রীলঙ্কায় ৭৯ শতাংশ ইতিবাচক সমর্থন এবং বাংলাদেশে ৫১ শতাংশ নেতিবাচক মতামতের ব্যবধান দক্ষিণ এশিয়ার বর্তমান কূটনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।