বাংলার কৌশল মহোৎসবে চাকরির রেকর্ড, অফার লেটার পেলেন ১৭৭৬ জন

Published on:

Published on:

Kaushal Mahotsav 1776 Get Job Offers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রথমবার আয়োজিত হল ‘কৌশল মহোৎসব’ বা রোজগার মেলা। চাকরির আশায় মেলায় হাজির হয়েছিলেন হাজার হাজার যুবক-যুবতী। বিভিন্ন সংস্থায় ইন্টারভিউয়ের পর তাঁদের মধ্যে ১৭৭৬ জনের হাতে তুলে দেওয়া হয়েছে অফার লেটার (Job Offer)। বাংলায় আয়োজিত কৌশল মহোৎসবে যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগের রেকর্ড বলে দাবি করা হয়েছে।

৩ হাজার চাকরিপ্রার্থীর ইন্টারভিউ, অফার (Job Offer) পেলেন ১৭৭৬ জন

মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে বসেছিল এই চাকরির মেলা। এদিন বিকেল ৪টে পর্যন্ত প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৭৭৬ জনকে তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন সংস্থায় চাকরির জন্য বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁদের হাতে অফার লেটার (Job Offer) তুলে দেওয়া হয়। পাশাপাশি আরও কয়েকজন চাকরিপ্রার্থীকে শর্টলিস্ট করা হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত অফার লেটার (Job Offer) পাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। তাঁর দাবি, এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত ১১টি কৌশল মহোৎসবের মধ্যে বালুরঘাটের এই মেলাই সবচেয়ে সফল। সবচেয়ে বেশি সংখ্যক চাকরির সুযোগ এই মেলাতেই তৈরি হয়েছে বলে জানান তিনি।

উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিক

বালুরঘাটের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং রাষ্ট্রমন্ত্রী জুয়েল মুর্মু। ছিলেন জেলার তিন বিধায়কও। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা, স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ভি এস অরবিন্দ, প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

আরও পড়ুনঃ ৭৭০০ কোটি দেওয়ার পরও DA নিয়ে জট! কারা টাকা পাননি? তালিকা চাইল সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের ১০টি প্রান্তে ইতিমধ্যেই কৌশল মহোৎসবের আয়োজন হয়েছে। এবার প্রথমবার বাংলায় এই কর্মসূচির আয়োজন করা হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এই মেলায় উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ দেশের ৫০টিরও বেশি নামী সংস্থা অংশ নেয়। ফলে চাকরিপ্রার্থীদের সামনে সরাসরি বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ তৈরি হয় (Job Offer)।