বেপাত্তা টুলুর মামলা খারিজ! শুনানিতে ‘ইন্দ্রজিৎ’ প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের বিচারপতির

Published on:

Published on:

Judge compares Tulu Mondal to Ramayan's 'Indrajit'.
Follow

বাংলা হান্ট ডেস্ক : বীরভূমের বেআইনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে (Tulu Mondal) ঘিরে তদন্তে বাড়ছে আইনি জটিলতা। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, তবু তার দেখা নেই। অথচ হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়ে নিজের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে করা সেই আবেদনেই এবার বড় ধাক্কা খেলেন টুলু। বৃহস্পতিবার মামলার শুনানিতে তাঁর অবস্থান নিয়ে রামায়ণের ‘ইন্দ্রজিত’-এর প্রসঙ্গ টানলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

টুলুর (Tulu Mondal) মামলায় কী জানাল হাইকোর্টের বিচারপতি ?

এদিনের শুনানিতে তদন্তের অগ্রগতি এবং তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের বিস্তারিত তথ্য আদালতের সামনে তুলে ধরে রাজ্য।
টুলুর হয়ে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ দাভে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি স্পষ্ট করে দেন, এই মুহূর্তে তদন্তের কাজে আদালতের হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

শুনানির মাঝেই টুলুর অবস্থান নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি। তাঁর বক্তব্য, মামলাকারী নিজে সামনে না থেকেও আদালতে আইনি লড়াই চালাচ্ছেন। এই প্রসঙ্গেই রামায়ণের চরিত্রের সঙ্গে তুলনা টেনে বিচারপতি বলেন, “এখানে তো মামলাকারী রামায়ণের ইন্দ্রজিত। তিনি মেঘের আড়ালে বসে সব লক্ষ্য করছেন দেশের বাইরে বসে আছেন। তিনি তো মুক্ত। তাঁকে কী সুরক্ষা দেবে কোর্ট?”

উল্লেখ্য, হাইকোর্টে রাজ্যের তরফে মুখবন্ধ খামে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট খোলার পর একের পর এক অভিযোগের কথা উঠে আসে। তদন্তকারীদের দাবি অনুযায়ী, টুলুর বিরুদ্ধে শুধু বেআইনি বালি-পাথরের কারবারের অভিযোগই নয়, সংঘবদ্ধ অপরাধ, তোলাবাজি, জমি দখল এবং জাল নথি ব্যবহার করে টোল আদায়ের মতো অভিযোগও রয়েছে। এই সমস্ত অভিযোগের জেরে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলেও আদালতকে জানানো হয়।

রিপোর্ট খতিয়ে দেখার পর মামলাটি নিয়ে হাইকোর্টের বিচারপতি জানান, “অর্গানাইজড ক্রাইমের ধারা যথাযথ যুক্ত করা হয়েছে। বালি, পাথরের অবৈধ পাচার থেকে সংঘবদ্ধ ভাবে তোলাবাজি, জমি হাতানো – যাবতীয় অভিযোগ আছে মামলা কারীর বিরুদ্ধে। জাল নথি দিয়ে টোল আদায়ের মতো ঘটনায় অভিযুক্ত। যার ফলে সরকারের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। দু’টি মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রয়েছে মহম্মাদবাজারের দুটো মামলা। এই অবস্থায় ঘটনার গভীরতা বুঝেই হস্তক্ষেপ করতে নারাজ কোর্ট।”

আদালতের মতে, তদন্ত এখনও শুরুর পর্যায়েই রয়েছে। তাই এই মুহূর্তে তদন্ত থামানো বা তাতে হস্তক্ষেপ করার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। বরং তদন্ত দ্রুত শেষ করার দিকে জোর দিয়েছে হাই কোর্ট। পুলিশকে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Judge compares Tulu Mondal to Ramayan's 'Indrajit'

আরও পড়ুন : হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল! কোথায় বেশি খরচ হচ্ছে জানাবে স্মার্ট মিটার

টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তবে আগাম জামিনের আবেদন করতে পারবেন টুলু, এমনটা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি। ফলে আপাতত স্বস্তি না মিললেও, পরবর্তী আইনি পদক্ষেপের সুযোগ থাকছে তাঁর সামনে। এখন তদন্ত কোন দিকে এগোয় এবং টুলুর বিরুদ্ধে থাকা অভিযোগগুলির পরিণতি কী হয়, সেদিকেই নজর সকলের।