বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্তদের অনেকের পেনশন অ্যাকাউন্টে সম্প্রতি কোনো বার্তা ছাড়াই টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য। এই পেনশন প্রাপকদের অনেকেরই বকেয়া ডিএ-র (Dearness Allowance) পুরো অর্থ দুটি কিস্তির মাধ্যমে ইতিমধ্যেই অ্যাকাউন্টে এসে গিয়েছে। এরই মধ্যে ফের একবার টাকা ঢুকতে শুরু করায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।
পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো ধাপে ধাপে বকেয়া মেটাতে শুরু করেছে রাজ্য সরকার (State Government)। তবে সেক্ষেত্রেও একাধিক অভিযোগ উঠে আসছে সরকারি কর্মচারীদের তরফে। এবার বকেয়া ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তোলা হল কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের তরফে।
বকেয়া ডিএ নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে | Dearness Allowance
সমাজমাধ্যমে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লিখেছেন, “বকেয়া ডিএ রিলিজ করা নিয়ে সরকার ছেলে খেলা খেলছে। আবারও এক প্রস্থ বকেয়া ডিএ ট্রেজারিগুলো থেকে অবসরপ্রাপ্ত পেনশন হোল্ডারদের একটা অংশ পেনশন হিসাবে ক্রেডিট হচ্ছে বা হয়েছে। আসলে সরকার ডিএ ক্যালকুলেশনে বেশ কয়েক বছর বকেয়ার অংশকে ঋণাত্মক দেখিয়েছেন।”
একইসাথে সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে মলয়বাবু আরও বলেন, “আমরা যে শতাংশ ডিএ পেয়েছি তার থেকে বেশি অংশ কেটে নিয়েছে ফলে ডিএ’র অংশ ঋনাত্মক বা শূণ্য হয়ে গেছে। এই বার্তা আমরা অর্থ দপ্তরে জানিয়েছি। ডিএ দিয়ে তা কেটে নেওয়াটা যে ঠিক হয় নি তা বোধ করি বুঝতে পেরেই সেই অংশ শূণ্য ধরে আবারও ক্যালকুলেশন করে সেই অংশ অবসরপ্রাপ্তদের ফিরিয়ে দিচ্ছে বা দিয়েছে।”

এই নিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করে মলয়বাবু লেখেন, “এই যে ট্রেজারি থেকে প্রাপ্ত পেনশন মেসেজ টি দেখতে পাচ্ছেন এটা একজন বকেয়া ডিএ প্রাপক অবসর প্রাপ্ত কর্মচারীর। দুটো ফেজে (২০১৬-২০১৯) এবং (২০০৮-২০০১৫) বকেয়া পেয়ে যাবার পরও পেনশনের নামে আবারো একটি অংশ বকেয়া ডিএ তাঁদের ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে। এই ঘটনা ট্রেজারি থেকে পেনশন পান এরকম অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংকে জমা হয়েছে এটাও কিন্তু বকেয়া ডিএ’র অংশ। কেন পেলেন? অর্থ দপ্তরে আমাদের অভিযোগের ভিত্তিতে।”

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! টানা ৩ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, আগাম আপডেট দেখে নিন
উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টের শেষ শুনানিতে জানিয়েছে রাজ্য সরকার। যদিও সরকারি কর্মচারীদের অভিযোগ, এখনও বহু কর্মী সেই বকেয়া পাননি। এই অবস্থায় রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত অভিযোগ সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি শুনে বিবেচনা করবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।













