বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে চিনির দাম (Surgar Price Hike)। লাগাতার মুল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে দাম কমানো নিয়ে বিরাট আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।
চিনির দাম নাগালে নিয়ে আসার আশ্বাস মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু জানান, লিকেজ কোথায় আছে তা পাওয়া গিয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।
আরও পড়ুনঃ TMCP-র সভার জন্য দুই তৃণমূলকেই অনুমতি! কার কর্মসূচি কোথায়? বলে দিল হাইকোর্ট
মুখ্যমন্ত্রীর কথায়, “লিকেজ কোথায় আছে আমরা পেয়ে গিয়েছি। আমরা করে দেব। এখানে সুযোগ হবে না। শক্তিশালী সরকার হয়েছে।“ চিনির দাম কমানো নিয়ে তাঁর এই আশ্বাসের পর কিছুটা চিন্তা কমেছে অনেকের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর অবধি রাজ্যে ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালিত হবে। বাংলায় নতুন করে টাস্ক ফোর্স সক্রিয় করা হয়েছে বলে জানান তিনি। সাব ডিভিশন স্তরে ৭২টি ও পুলিশ কমিশনারেটের ডিসি স্তরে ৩৫টি টাস্ক ফোর্স হয়েছে।
শুভেন্দু বলেন, সাব ডিভিশন স্তরে টাস্ক ফোর্সের চেয়ারম্যান হবেন এসডিও। তাঁর সঙ্গে এসডিপিও সহ আরও একাধিক সরকারি আধিকারিক ওই কমিটিতে থাকবেন। পুলিশ কমিশনারেটে টাস্ক ফোর্সের মাথায় একজন ডিসি থাকবেন। পাশাপাশি কমিটিতে আরও একাধিক সরকারি আধিকারিক থাকবেন।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ফুড ইনস্পেক্টরদের নিয়ে বৈঠক হয়েছে। ভেজাল রোধের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা বেআইনিভাবে চিনি ও চাল মজুত করবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একমাস অবধি এক কেজি চিনির দাম ৪৮ টাকার আশেপাশে ছিল। সপ্তাহ দুয়েক আগে তা ৫৮ টাকার কাছাকাছি পৌঁছয়। বর্তমানে তা ৬৮ টাকার আশেপাশে রয়েছে। এভাবে একলাফে এতটা দাম বাড়ার কারণে চিনি কিনতে বেশ সমস্যায় পড়ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে তাঁদের চিন্তা কমিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।













