পিএম আবাস যোজনায় বাড়ি কারা পাবেন? প্রয়োজনীয় নথিপত্র থেকে আবেদন পদ্ধতি জানুন

Published on:

Published on:

How to apply for PM Awas Yojana full process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী নাগরিকদের মাথার উপরেও যেন পাকা ছাদ থাকে। সেই উদ্দেশে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে ভারতের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। আপনিও যদি এর অধীন বাড়ি পেতে চান, তাহলে কীভাবে আবেদন করবেন, কী কী নথিপত্র লাগবে জেনে নিন।

পিএম আবাস যোজনার খুঁটিনাটি | (PM Awas Yojana)

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার নিম্ন আয়ের পরিবার, মাঝারি আয়ের শ্রেণি ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের নতুন বাড়ি নির্মাণ বা পুরনো বাড়ি সংস্কারের জন্য অর্থনৈতিক সহায়তা ও গৃহঋণের সুদের হারে ভর্তুকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ লাফিয়ে বাড়ছে চিনির দাম! আমজনতার চিন্তা কমিয়ে এবার বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

পিএম আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি দেশের কোনও জায়গায় তাঁর কিংবা তাঁর পরিবারের নামে পাকা বাড়ি থাকা যাবে না।

পিএম আবাস যোজনার প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দরকার হয়। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়।

পিএম আবাস যোজনায় আবেদন পদ্ধতি

শহরাঞ্চলের নাগরিকরা সরকারি ওয়েবসাইট https://pmaymis.gov.in/ -এ গিয়ে পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন। এর জন্য ওই পোর্টাল খুলে ‘সিটিজেন অ্যাসেসমেন্ট’ অপশনে ক্লিক করে ‘অ্যাপ্লাই অনলাইন’ বিকল্প বেছে নিতে হবে। এরপর নিজের শ্রেণি নির্বাচন করে আধার নম্বর ও নাম যাচাই করতে হবে। এরপর স্ক্রিনে আবেদনপত্র আসবে। যথাযথ তথ্য দিয়ে সেটি পূরণ করে জমা করে দিতে হবে। সাবমিশনের পর একটি আবেদন নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে সেটি দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।

কেউ অনলাইনে আবেদন করতে না পারলে নিকটবর্তী সিএসসিতে গিয়ে আবেদন করতে পারেন। গ্রামাঞ্চলের বাসিন্দারা তাঁদের গ্রাম পঞ্চায়েত প্রধান, সচিব বা স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি প্রকল্প বিষয়ক কোনও তথ্য বা সমস্যার জন্য সংশ্লিষ্ট জেলা অফিস বা পুরসভা থেকে সাহায্য নেওয়া যেতে পারে বা নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

PMAY-U 2.0 -তে আবেদনের পদ্ধতি

এর অধীন বাড়ির জন্য আবেদন করতে হলে পিএম আবাস যোজনা (শহর)-এর অফিশিয়াল ওয়েবসাইট https://pmay-urban.gov.in/ বা https://pmaymis.gov.in/ -এ গিয়ে ‘সিটিজেন অ্যাসেসমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের প্রয়োজন অনুযায়ী BLC বা AHP বা ISS-এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। পরবর্তী ধাপে আধারের তথ্য ও ওটিপি যাচাই করতে হবে। সবশেষে যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে দিতে হবে।

PM Awas Yojana

নিজের বাড়ির স্বপ্ন প্রায় সব মানুষের থাকে। তবে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য সবার থাকে না। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে পিএম আবাস যোজনা এনেছে কেন্দ্রীয় সরকার। সরকারের বেঁধে দেওয়া সব যোগ্যতার শর্ত পূরণ করলে আপনিও সহজে বাড়িতে বসে এই প্রকল্পে আবেদন করতে পারেন।