দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! প্রমাণ পেলেই অ্যাকশন, নেতা-কর্মীদের ফের হুঁশিয়ারি শমীকের

Published on:

Published on:

Samik Bhattacharya strict message to BJP leader and workers over corruption
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে বিজেপি (BJP) সরকার। সেই সঙ্গেই দলের অন্দরেও দুর্নীতি, তোলাবাজির যে কোনও জায়গা নেই তা বারবার বলা হচ্ছে। এই আবহে দলের ভাবমূর্তি রক্ষায় আবারও নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। পদ্ম শিবিরের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এই বার্তা পাঠানো হয়েছে।

দুর্নীতিতে জড়ালেই অ্যাকশনের হুঁশিয়ারি শমীকের | (Samik Bhattacharya)

রাজ্য বিজেপি সূত্রে খবর, চিঠির শুরুতেই বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, সম্প্রতি দলের বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কাজকর্ম ও অনিয়মের খবর পেয়েছেন তিনি। এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, দলীয় নীতি ও আদর্শের লঙ্ঘন করে কেউ যদি অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, তাহলে দল কোনও ভাবেই তাঁর দায়ভার গ্রহণ করবে না।

আরও পড়ুনঃ ’৩১ অগাস্টের পর স্টাডি করে বলে দেব’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজেপি কর্মীদের উদ্দেশে মূলত তিনটি বার্তা দিয়েছেন শমীক। প্রথমত, দুর্নীতি বা অপকর্মের প্রমাণ পাওয়া গেলে যে কোনও দলীয় পদাধিকারীর বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, দলের ভাবমূর্তি কোনও ভাবে নষ্ট করা যাবে না এবং পুরনো কর্মীদের দীর্ঘদিনের ত্যাগের কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, সাধারণ মানুষের আস্থা বজায় রেখে সকলকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পরেও বিজেপি নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এই নিয়ে দলের অন্দরেই ক্ষোভের পারদ চড়তে শুরু করেছে। চলতি মাসের শুরুতেই এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি।

Samik Bhattacharya

শমীক বলেছিলেন, “শুধরে যান, নাহলে বিজেপি কী জিনিস বুঝিয়ে দেওয়া হবে।“ এবার ফের একবার দলের ভাবমূর্তি রক্ষায় কড়া বার্তা দিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে পদ্ম শিবির যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে, তা তাঁর বার্তাতেই পরিষ্কার।