বাংলা হান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) ঘিরে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রাজ্য সরকারের একটি বড় কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে নতুন করে কৌতূহল। ক্যাম্পাসের ভিতরে নয়, ৮বি বাসস্ট্যান্ডের কাছে বিপুল মানুষের উপস্থিতিতে ‘বন্দে মাতরম’ গাওয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে কী হতে চলেছে ?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে আপত্তি রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিতর্কের মধ্যেই শুক্রবার ৮বি মোড়ে হতে চলেছে ‘সহস্র কণ্ঠে বন্দে মাতরম’। এই কর্মসূচিতে বিকেল ৩টে নাগাদ ১০ হাজার মানুষ একত্রে জাতীয়তাবাদী গান গাইবেন।রাখি বন্ধনকে কেন্দ্র করে রাজ্য সরকার এ বার একাধিক কর্মসূচি হাতে নিয়েছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় চার হাজার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই দিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালন করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ‘দেশই সবার আগে’—এই বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই যাদবপুরের কাছে ৮বি এলাকায় এই কর্মসূচি রাখা হয়েছে বলে জানা গেছে।ইতিমধ্যেই ৮বি এলাকায় প্রায় এক কিলোমিটার লম্বা র্যাম্প তৈরী হয়েছে। অনুষ্ঠানস্থল সাজানোর কাজও চলছে জোরকদমে। বড় জমায়েতের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে কয়েকটি ভিডিও প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “আমি ৪টে ভিডিও পোস্ট করতে বাধ্য হলাম। দেখা যাচ্ছে লেখা রয়েছে, রেড স্যালুট কিষেণজি। কে কিষেণজি? ১ হাজার ভারতীয়কে খুন করেছেন। পুলিশকেও খুন করেছেন। যাঁরা রেড স্যালুট কিষেণজি বলবেন, তাঁদের স্থান কলকাতা, যাদবপুর, পশ্চিমবঙ্গে হবে না।”

আরও পড়ুন :৫০,০০০ টাকা জরিমানা থেকে ৭ বছরের জেল! LPG গ্যাস সিলিন্ডার নিয়ে এই ভুল করছেন না তো?
উল্লেখ্য, শুক্রবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে ৮বি চত্বরের যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তার কারণে রাস্তার একটি অংশ বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যাদবপুরকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ৮বি-র এই কর্মসূচি আলাদা মাত্রা পেয়েছে। শুক্রবারের যাদবপুরের এই অনুষ্ঠানের দিকে নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও।













