বাংলা হান্ট ডেস্ক : রাখি বন্ধন উৎসবকে ঘিরে এবার রাজ্যজুড়ে বড়সড় কর্মসূচি নিতে চলেছে সরকার (West Bengal Government)। শুধু কলকাতায় নয়, গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভা, ব্লক থেকে জেলা সদর—প্রশাসনের প্রায় প্রতিটি স্তরেই উৎসব পালনের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির জন্য রাজ্যের কোষাগার থেকে বরাদ্দ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। এমনকি ২৫ লক্ষেরও বেশি রাখি কয়েক লক্ষ মানুষের মধ্যে বিতরণের জন্য তৈরি হয়েছে।
২৫ লক্ষেরও বেশি রাখি বিতরণের পরিকল্পনা সরকারের (West Bengal Government)
শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হবে রাখিবন্ধন উপলক্ষে নানান অনুষ্ঠান। কলকাতায় মূল আকর্ষণ হতে চলেছে নজরুল মঞ্চের কর্মসূচি। সকাল ১০টা থেকে সেখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। যাদবপুরে আয়োজিত আর একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যেতে পারেন বলেও জানা যাচ্ছে।
এবারের গোটা আয়োজনের জন্য রাজ্য সরকারের মোট বরাদ্দ ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির জন্য। রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে রাখিবন্ধন উপলক্ষে কর্মসূচি হবে। সেই আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা। পাশাপাশি ৩৪৫টি ব্লকে অনুষ্ঠান করার জন্য খরচ ধরা হয়েছে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা।
উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাখি বিতরণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি। এগুলি সরবরাহ করতে ব্যয় হবে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। মোট বরাদ্দের একটি বড় অংশ সরাসরি রাখি তৈরির ও সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। শুধু পঞ্চায়েত বা ব্লক নয়, জেলা ও শহরাঞ্চলের জন্যও পৃথক অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ২২টি জেলা সদর দফতরকে দেওয়া হবে মোট ২২ লক্ষ টাকা। একইভাবে জিটিএ এবং কলকাতা পুরনিগমের অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ রয়েছে।
কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের প্রত্যেকটির জন্য আলাদা করে বরাদ্দ হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। শহরের অন্য প্রশাসনিক এলাকাগুলিও এই তালিকায় রয়েছে। ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য মোট ৬ লক্ষ টাকা এবং ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ২১ লক্ষ টাকা। পাশাপাশি ৪৫টি সাব-ডিভিশনের অনুষ্ঠান আয়োজনের জন্য রাখা হয়েছে ১১ লক্ষ ২৫ হাজার টাকা। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় প্রশাসনের মাধ্যমে একই দিনে উৎসব পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন :বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সরকারের মাস্টারপ্ল্যান! টলিউডের জন্য কী কী সিদ্ধান্ত নিল রাজ্য?
এবারের রাখি বন্ধন উৎসবকে ঘিরে সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন বয়সের মানুষকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হবে। রাজ্যজুড়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছাতে সরকারি পরিকল্পনা অনুযায়ী কতটা বড় আকারে এই কর্মসূচি বাস্তবে রূপ নেয়।













