আরজি কর মামলায় সিবিআইকে ‘ডেডলাইন’ দিল হাই কোর্ট, হাতে মাত্র ৩ সপ্তাহ

Published on:

Published on:

High Court sets a deadline for CBI in RG Kar case
Follow

বাংলা হান্ট ডেস্ক : আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তে এবার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়া সিবিআইয়ের বিশেষ দলকে আর বেশি সময় দিতে নারাজ আদালত। নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতে শুরু হওয়া তদন্ত আগামী তিন সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি ওঠে। বন্ধ দরজার পিছনে শুনানি হয়।

আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তে সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট

এদিন শুনানিতে তদন্ত কতদূর এগিয়েছে, সেই সংক্রান্ত তথ্য আদালতের সামনে তুলে ধরে সিবিআই। পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ২৪ সেপ্টেম্বর ফের মামলাটি শুনবে আদালত। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তদন্তের জন্য ৫৪টি নির্দিষ্ট বিষয় আদালতের নজরে আনা হয়েছিল। তার মধ্যে ১৬টি নিয়ে ইতিমধ্যেই কাজ করা হয়েছে বলে সিবিআই জানিয়েছে। নতুন সিট এখনও যে সব দিক খতিয়ে দেখেনি, সেগুলি নিয়েই পরবর্তী পর্যায়ের কাজ এগোবে।

উল্লেখ্য, তদন্তে হাসপাতালের ঘটনার রাতের গতিবিধিও গুরুত্ব পেয়েছে। সেই রাতে জরুরি বিভাগের চিকিৎসকদের জন্য খাবার নিয়ে আসা এক ডেলিভারি কর্মীর সন্ধান পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। একই সময়ে নির্যাতিতার সঙ্গে খাবার খাওয়া চার চিকিৎসকের বক্তব্যও রেকর্ড করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তের বাকি অংশ শেষ করতে সিবিআইয়ের নতুন দল চার সপ্তাহ সময় চেয়েছিল। আদালত অবশ্য সেই সময়সীমা কমিয়ে তিন সপ্তাহ করেছে।

আরজি করের ঘটনার তদন্তের সূচনা হয়েছিল কলকাতা পুলিশের হাত ধরে। তদন্তে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলার দায়িত্ব সিবিআইয়ের কাছে যায়। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল। শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া শেষে তিনি দোষী সাব্যস্ত হন এবং যাবজ্জীবন কারাদণ্ড পান। কিন্তু এই তদন্তে সন্তুষ্ট হয়নি নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগ ও আপত্তির পরিপ্রেক্ষিতেই নতুন করে তদন্তের দাবি ওঠে। সেই আবেদন হাই কোর্টে পৌঁছলে আদালত ফের তদন্তের নির্দেশ দেয়।

High Court sets a deadline for CBI in RG Kar case

আরও পড়ুন : এই কাজ না করলেই কাটা যাবে কানেকশন, এলপিজি সিলিন্ডার নিয়ে বড় আপডেট

আদালতের নির্দেশ মেনেই সিবিআই নতুন বিশেষ তদন্তকারী দল তৈরি করে। আগের শুনানিতে সিবিআইয়ের সিট যে রিপোর্ট জমা দিয়েছিল, তা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে। বিচারপতিদের নির্দেশ ছিল, হাসপাতাল থেকে শুরু করে মৃতদেহ নিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ নতুন করে যাচাই করতে হবে। এই নির্দেশের পরই আরজি কর হাসপাতালে গিয়ে ফের তথ্য সংগ্রহ করে সিবিআইয়ের দল। এখন আদালতের বেঁধে দেওয়া তিন সপ্তাহই সিবিআইয়ের নতুন দলের কাছে গুরুত্বপূর্ণ। পরবর্তী শুনানিতে তদন্তের কতটা কাজ শেষ হয়েছে তা জানা যাবে।