Durga Puja 2026 Live Updates

কোহলি থাকলে ভারত জিততো, সরাসরি শুভমান গিলের নেতৃত্বের সমালোচনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু এইমুহূর্তে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) অ্যাওয়ে টেস্ট সিরিজ জিততে না পারায় ফের একবার অধিনায়ক কোহলি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। প্রাক্তন ভারতীয় তারকা মহম্মদ কাইফ (Md. Kaif) মনে করছেন যে তিনি দলে থাকলে কলম্বো টেস্ট জিতেই মাঠ ছাড়তে পারতো ভারতীয় দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ফলে জয় পেয়েছে ভারত। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে ভারতীয় দলকে এই সিরিজের দুইটি টেস্ট ম্যাচই জিততে হতো। কিন্তু শ্রীলঙ্কার প্রতিভাবান ব্যাটার সোনাল দিনুসার চোয়াল চাপা লড়াইয়ে ভর করে দ্বিতীয় টেস্টে হার বাঁচিয়েছে দ্বীপরাষ্ট্রের দলটি।

কিন্তু এই সিরিজটিতে প্রত্যাশিত ফল না পাওয়ায় চাপ বেড়েছে ভারতের ওপর। এরপর তারা নভেম্বর মাসে নিউজিল্যান্ডের মাটিতে উড়ে যাবে। কিউয়িদের বিরুদ্ধে তাদের খেলতে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তারপর নতুন বছরের শুরুতে দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে হবে তাদের। এই দুই সিরিজে একটিও ম্যাচ হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারত।

আরও পড়ুন:ভারতের জয়ের মুহূর্তে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন পাডিক্কল! দিলেন ভবিষ্যৎ পরিকল্পনার আভাসও

এখানেই বিরাট কোহলির প্রসঙ্গ টেনেছেন কাইফ। তার মতে কোহলি ভারতীয় দলের অধিনায়ক থাকলে শেষ দিনে চারটি উইকেট ফেলতে না পারার মতো দুরবস্থায় পড়তে হতো না ভারতকে। তার মতে কোহলির আগ্রাসী অধিনায়কত্ব ভারতকে কোনও না কোনও ভাবে জয় এনে দিতো। শুভমান গিলরা নিজেরা মরিয়া চেষ্টা না করে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে স্বাভাবিক ছন্দে ব্যাটিং করতে দিয়েছে, এমন অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুন: জেতা ম্যাচ ড্র করে ভক্তদের রোষানলে গম্ভীরের ভারতীয় দল! ঠিক কোন ৩টি জায়গায় ভুল করলো ভারত

কাইফ সরাসরি ভারতীয় দলের জয়ের মানসিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, “আমরা নিজেরা খুব একটা কিছু করে দেখাতে পারিনি। আমাদের মধ্যে উদ্দীপনা বা আগ্রাসন ছিল বেশ কম। তাই আমি বলছি, বিরাট কোহলি যদি এই টেস্ট ম্যাচটি খেলতেন, তবে ফলাফল অন্যরকম হতে পারত। কারণ তিনি সবাইকে চাঙ্গা করে তুলতেন। তিনি তরুণ ক্রিকেটারদের বলতেন, ‘এসো সরফরাজ, এসো জয়সওয়াল’ এবং বোলারদের ওপরও বাড়তি উদ্যম দেখানোর জন্য চাপ দিতেন। সোনাল দিনুসার ওপরও মানসিক চাপ তৈরি করতেন তিনি, যা এই দল করেনি।”