বাংলা হান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) রয়েছে, অথচ হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধানের জন্য উপভোক্তারা অভিযোগ জানাতে পারবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য ব্যক্তিরা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে পারেন। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই পরিষেবা পাওয়ার কথা। তাই কার্ড থাকার পরেও পরিষেবা আটকে গেলে কীভাবে অভিযোগ করবেন, সেই পদ্ধতি জেনে রাখা দরকার।
আয়ুষ্মান ভারত কার্ডে (Ayushman Bharat Card) পরিষেবা না পেলে অভিযোগ জানান
অনেক সময় হাসপাতালে কার্ড দেখানোর পরও চিকিৎসা না দেওয়ার অভিযোগ ওঠে। এমন পরিস্থিতি তৈরি হলে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার কারণ জানার চেষ্টা করুন। পাশাপাশি অভিযোগের জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ করে রাখুন। এই ধরনের অভিযোগ জানানোর জন্য সরাসরি কোনও অফিসে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই। আয়ুষ্মান ভারত প্রকল্পের হেল্পলাইনে ফোন করেই অভিযোগ নথিভুক্ত করা যায়। উপভোক্তাদের ১৪৫৫৫ নম্বরে টোল-ফ্রি ফোন করতে হবে।
ফোন করার পর পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ নির্বাচন করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর সময় নিজের নামের পাশাপাশি রোগীর নাম এবং আয়ুষ্মান কার্ডের নম্বর দিতে হবে। সমস্যা যে হাসপাতালে হয়েছে, সেই হাসপাতালের সম্পূর্ণ বিবরণও প্রয়োজন হবে। হাসপাতালের নাম, কোন শহর বা এলাকায় সেটি অবস্থিত এবং নির্দিষ্ট শাখা থাকলে তার তথ্য জানাতে হবে।
এরপর ঘটনার খুঁটিনাটি জানতে চাইতে পারেন অভিযোগগ্রহণকারী আধিকারিক। চিকিৎসা না পাওয়ার কারণ কী বলা হয়েছিল, কোন ডাক্তার বা কর্মীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছিল এবং ঠিক কবে ঘটনাটি ঘটেছে—সব তথ্য স্পষ্টভাবে জানান। চিকিৎসার জন্য হাসপাতাল টাকা দাবি করে থাকলে সেই তথ্য জানাতে হবে। টাকা দেওয়া হয়ে থাকলে তার বিল বা রসিদ সংক্রান্ত তথ্যও অভিযোগের সময় জানানো উচিত। অভিযোগ নথিভুক্ত হওয়ার পরে যে নম্বর দেওয়া হবে, সেটি সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে ওই নম্বরের সাহায্যে অভিযোগের অগ্রগতি সম্পর্কে জানা যাবে।
ফোনের পাশাপাশি অনলাইনে অভিযোগ জানানোর সুযোগও রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অভিযোগ ব্যবস্থাপনা পোর্টাল cgrms.pmjay.gov.in-এ গিয়ে এই প্রক্রিয়া শুরু করা যায়। ওয়েবসাইট খুললে হোমপেজের নিচের অংশে ‘Register Your Grievance’ অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে স্কিমের তালিকা থেকে PMJAY নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীর তথ্য বিবরণী দিন। সব তথ্য পূরণ করে অভিযোগ জমা দেওয়ার পর একটি নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে অভিযোগের পরিস্থিতি জানতে সেটিই কাজে লাগবে। তাই নম্বরটি সংরক্ষণ করুন।

আরও পড়ুন : জন্মদাতা বাবাই শুধু নয়, সৎ বাবাও ছেলেমেয়ের পূর্ণ অভিভাবক হতে পারেন! ঐতিহাসিক রায় হাইকোর্টের
আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা থেকে বঞ্চিত হলে উপভোক্তার হাতে তাই অনলাইন বা অফলাইনে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। অভিযোগের ক্ষেত্রে ঘটনার বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় নথি যত বেশি নির্ভুলভাবে দেওয়া যাবে, তত সহজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করার সুযোগ তৈরি হবে।













