বাংলা হান্ট ডেস্কঃ রেশনে (Ration) অনেক সময় পোকা ধরা কিংবা খারাপ মানের চাল-গম দেওয়ার অভিযোগ ওঠে। তবে সেসব আর বরদাস্ত করা হবে না। এবার রেশন ডিলারদের এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া (Ashok Kirtania)। পাশাপাশি এই ধরণের নিম্নমানের খাদ্যসামগ্রী এলে কী করতে হবে সেটাও জানিয়েছেন তিনি।
রেশন ডিলারদের কড়া বার্তা খাদ্যমন্ত্রীর | (Ashok Kirtania)
রবিবার বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে বনগাঁ, গোবরডাঙা ও হাবরা এলাকার রেশন ডিলারদের তরফ থেকে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে স্থানীয় রেশন ডিলাররা উপস্থিত ছিলেন। সেখান থেকে সকলের উদ্দেশে বেশ কিছু বার্তা দেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুনঃ পুজো মিটলেই পুরভোট! কারা টিকিট পাবেন? এবার সাফ জানালেন সুকান্ত মজুমদার
অশোক বলেন, “আপনারা আমার পরিবারের সদস্য। আমরা আপনাদের স্বার্থ দেখব। তবে আপনাদেরও কর্তব্য হল সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা।“ পাশাপাশি রেশন সামগ্রীর গুণমান নিয়ে ডিলারদের সতর্ক করে দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, যদি কোনও রেশন ডিলারের কাছে পোকা ধরা বা নিম্নমানের খাদ্যসামগ্রী আসে, তাহলে সেটা কোনও ভাবেই গ্রাহকদের দেওয়া যাবে না। দরকার পড়লে ওই দিন রেশন দেওয়া বন্ধ রাখতে হবে। যে দোকান থেকে নিম্নমানের চাল-গম পাঠানো হয়েছে, সেটা সেখানেই ফেরত পাঠানোর নির্দেশ দেন তিনি।
এছাড়া সরকারি আধিকারিকদের উপহার দেওয়া নিয়েও সতর্কবার্তা দেন অশোক। রেশন ডিলারদের উদ্দেশে তিনি বলেন, সরকারি আধিকারিকদের কোনও রকম উপঢৌকন দেওয়া যাবে না। কেউ যদি উপঢৌকন দিতে গিয়ে কোনও প্রকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাহলে তার দায় ওই ডিলারকেই নিতে হবে।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এদিন খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রক্রিয়া চলছে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য ডিলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রেশন ব্যবস্থায় বেশ কিছু বদল আসতে শুরু করেছে। এবার ডিলারদের উদ্দেশে কড়া বার্তা দিলেন খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী। গ্রাহকদের নিম্নমানের সামগ্রী দেওয়া যাবে না এই নির্দেশ দেওয়ার পাশাপাশি দোকানে নিম্নমানের সামগ্রী এলে কী করতে হবে সেটাও স্পষ্ট করে দিলেন তিনি।













