বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনকে কেন্দ্র করে এবার পশ্চিমবঙ্গে নজরকাড়া আয়োজনের প্রস্তুতি। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর ৭৬তম জন্মদিন। এই বছরে প্রশাসনিক দায়িত্বে তাঁর ২৫ বছরও পূর্ণ হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষ কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করে তুলতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)।
প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে বঙ্গে কী আয়োজন ?
বৃহস্পতিবার নবান্নে এ নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কর্মসূচিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। জানা গিয়েছে, ওই দিন ‘অন্নপূর্ণা দিবস’ পালনের পাশাপাশি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠান হবে। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী-মোদির দীর্ঘ প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিতে তাকে আলাদা করে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতায় হবে মূল অনুষ্ঠান। গঙ্গার তীরে সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানোর কর্মসূচির হবে। তারপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ আয়োজন হবে। শহরের সরকারি ও ঐতিহ্যবাহী বিভিন্ন ভবনেও প্রদীপ জ্বালানো হবে।
প্রদীপ দিয়ে সাজানো হবে কালীঘাট মন্দিরও। দিনভর চলবে আরও বেশ কিছু কর্মসূচি। ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’-র আওতায় বাইক ও সাইকেল মিছিলের পাশাপাশি ‘সেবা যাত্রা’ এবং ‘সেবাসেতু যাত্রা’ হবে। তালিকায় রয়েছে ‘রঙ্গোলি যাত্রা’ও। এই কর্মসূচিতে প্রাকৃতিক উপকরণ কাজে লাগিয়ে ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’ তৈরি করার পরিকল্পনা রয়েছে।
স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে প্রায় ৮০ হাজার পড়ুয়াকে নিয়ে ‘বিকশিত ভারত’ প্রতিযোগিতা আয়োজন করা হবে। ২০৪৭ সালের ভারতকে তাঁরা কীভাবে দেখতে চায়, সেই ভাবনাই উঠে আসবে ছবি আঁকা, প্রবন্ধ, রচনা ও আবৃত্তির মতো বিভিন্ন প্রতিযোগিতায়। তবে সরকারি এই কর্মসূচির পরিধি রাজ্যের সর্বত্র হবে না। নন্দীগ্রাম এবং রেজিনগরে ১৭ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে কোনও অনুষ্ঠান রাখা হচ্ছে না।

আরও পড়ুন : বাগেশ্বর বাবা বিতর্কে বড় পদক্ষেপ! কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর ওই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচনী বিধি কার্যকর থাকায় সেখানে প্রশাসনের তরফে কোনও সরকারি উদযাপন করা সম্ভব নয়। বিষয়টি স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “নন্দীগ্রাম, রেজিনগরে সরকারের তরফে কোনও অনুষ্ঠান হবে না। কারণ, এই দুই জায়গায় আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। সেখানকার সাধারণ জনতা অথবা রাজনৈতিক দলের তরফে অবশ্য উদযাপন হতে পারে।”তবে রাজ্যের বাকি অংশে প্রধানমন্ত্রীর জন্মদিন ও তাঁর ২৫ বছরের প্রশাসনিক পর্বকে সামনে রেখে বড় আকারের উদযাপনের প্রস্তুতি চলছে।













