বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে কার্যত গায়েব হয়ে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। রাজনীতির আঙিনায় তাঁকে দেখাই যাচ্ছে না। টিভির বিতর্কসভা হোক বা সোশ্যাল মিডিয়া, কোনও জায়গাতেই তাঁর উপস্থিতি নেই। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, হঠাৎ কেন নিজেকে এভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিলেন দেবাংশু? এবার সেই কারণ জানালেন তিনি নিজেই।
অন্তরালে চলে যাওয়ার কারণ জানালেন দেবাংশু | (Debangshu Bhattacharya)
একুশের বিধানসভা ভোটে দেবাংশুর ‘খেলা হবে’ গান ও স্লোগান ঝড় তুলেছিল। অল্প সময়েই রাজ্য রাজনীতির পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। দলের অন্দরেও তাঁর কদর বাড়তে থাকে। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে পালাবদলের পর সম্পূর্ণ পরিস্থিতি বদলে গিয়েছে।
আরও পড়ুনঃ আলাদা হাঁড়ি মানেই আলাদা পরিবার? অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ নিয়ম জানুন
এবার চুঁচুড়া থেকে টিকিট পেলেও জিততে পারেননি তৃণমূলের এই যুব নেতা। পাশাপাশি তৃণমূলও রাজ্যের ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছে। এরপর থেকেই দেবাংশু কার্যত অন্তরালে চলে যান। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি ভালো আছেন।
সোশ্যাল মিডিয়ায় কেন নিষ্ক্রিয়? এখন কী করছেন জানতে চাওয়া হলে দেবাংশু বলেন, “সবকিছু থেকে দূরে আছি। পরিবারকে সময় দিচ্ছি। মা-বাবার খেয়াল রাখছি।“ পাশাপাশি জানান, সামনেই দিদির বিয়ে। সেই নিয়েও বেশ ব্যস্ত আছেন তিনি।
একইসঙ্গে এই যুব নেতা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব কম দেখেন। রাজনীতি থেকেও শতযোজন দূরে থাকতে চান। এর কারণ ব্যাখ্যা করে বলেন, “পরিবারকে সময় দেওয়া, নিজের জন্য সময় বের করা সহ সাত-আট বছরে অনেক কিছুই করতে পারিনি। এখন সেগুলোই করছি।“

দেবাংশু স্পষ্ট জানান, রাজ্যের এখনকার রাজনৈতিক পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় নানা প্রচার সম্পর্কে বিশেষ খোঁজখবর রাখছেন না। এগুলি সম্বন্ধে বিশেষ মাথাও ঘামাচ্ছেন না। মা-বাবার প্রতি সন্তান হিসেবে নিজের দায়িত্ব পালন নিয়েই বর্তমানে ব্যস্ত বলে জানান তিনি।
কয়েক মাস আগে অবধিও তৃণমূলের যুব নেতাদের নাম উঠলে প্রথম দিকে থাকত দেবাংশু ভট্টাচার্যের নাম। ২০২৪ লোকসভা ভোটে তমলুকে পরাজিত হলেও এবারের বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্রে তাঁকে দাঁড় করিয়েছিল দল। এবারও জয় অধরা থাকার পর রাজনীতি থেকে নিজেকে কার্যত দূরে সরিয়ে নিয়েছেন তিনি। কেন এই সিদ্ধান্ত, এবার সেটাই খোলসা করলেন যুব নেতা।













