বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে স্কুল পড়ুয়াদের জন্য সবুজ সাথী প্রকল্প চালু করা হয়েছিল। এর মাধ্যমে তাঁদের সাইকেল দিত তৎকালীন রাজ্য সরকার। রাজ্যে পালাবদলের পর সেই প্রকল্পের নাম পাল্টে হয়েছে সারথি (Sarathi)। মঙ্গলবার সরকারি ও সরকার পোষিত স্কুল পড়ুয়াদের সাইকেল প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে সারথি প্রকল্প ও তার লোগো উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদেরও সারথি সাইকেল দেওয়া হবে।
সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
এদিন নবম শ্রেণির প্রায় সাড়ে ১২ লক্ষের বেশি পড়ুয়ার হাতে সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে চালু করা জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা তাঁদের উদ্দেশ্য নয়। তবে সেই প্রকল্পগুলির ত্রুটি সংশোধন করে সামগ্রিক গুণগত মান ও নিরাপত্তা বাড়ানো তাঁদের মূল লক্ষ্য।
আরও পড়ুনঃ ৩১ অক্টোবরের মধ্যে সেরা কাজ করলেই বিশেষ সম্মান! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে বড় ঘোষণা
কন্যারত্ন দিবসে দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে শুভেন্দু এদিন বলেন, আগামী বছর থেকে পড়ুয়াদের বছরে ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গেই নবম শ্রেণির পাশাপাশি অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদেরও সারথি সাইকেল দেওয়া হবে।
আগের সরকারের আমলের প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “১৫ বছর আগে সীমিত পরিসরে এসসি, এসটি, সংখ্যালঘুদের জন্য এই প্রকল্প চালু ছিল। সেই সময় পাঞ্জাব থেকে সাইকেলের খুচরো যন্ত্রাংশ নিয়ে এসে রাজ্যে একত্রীকরণ করা হত। তবে দুঃখের বিষয়, সেই সময়কার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের আত্মীয়েরা এই কাজের সঙ্গে যুক্ত থাকতেন। আমরা ওই চক্র ভেঙেছি। এবার ফ্রেঞ্চ, ফর্ক, মাডগার্ড ও টায়ার, সব স্তরে গুণমান পরীক্ষা করে পড়ুয়াদের হাতে নিরাপদ সাইকেল তুলে দেওয়া হচ্ছে।“

এছাড়া এদিন স্মার্ট স্কুল ও স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, রাজ্যের বিদ্যালয়গুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট মেটাতে এসএসসি প্রথম ধাপে ১০ হাজারের বেশি ত্রুটিমুক্ত, নির্ভেজাল তালিকা প্রকাশ করেছে।













